প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহুর্তে বেশ ব্যস্ততা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। জনসংযোগ বৃদ্ধি করতে একের পর এক কর্মসূচি শুরু করেছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এমতাবস্থায় আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই শুরু হয়ে গিয়েছে সংসদের বাজেট অধিবেশন। আজ অধিবেশনের দ্বিতীয় দিন। এই আবহে সংসদের বাইরে প্রথা মেনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বর্তমান অগ্রগতি এবং আগামী ২৫ বছরের রূপরেখা তুলে ধরলেন সকলের সামনে।
সরকারের মূল মন্ত্র স্মরণ করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন প্রসঙ্গে তাঁর বক্তব্যে জানান, দেশ এখন দীর্ঘমেয়াদী সমস্যা কাটিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগোচ্ছে। তিনি বলেন, “আজ সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি সকল সাংসদকে অনুরোধ করব, আসুন আমরা রাষ্ট্রের জন্য সমাধানের কাজ করি এবং সিদ্ধান্ত বাস্তবায়নে গতি আনি।” গণতন্ত্রে বিরোধিতাকে স্বাভাবিক বলে উল্লেখ করলেও, সরকারের ‘ডেলিভারি’ বা প্রতিশ্রুতি পূরণের দক্ষতার ওপর তিনি বিশেষ জোর দেন। এছাড়াও বর্তমান সরকারের মূল মন্ত্র যে ‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’, তা আবারও মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, “সংস্কার ও কর্মদক্ষতার মাধ্যমে দেশ এখন রিফর্ম এক্সপ্রেসে চেপে ছুটছে। প্রতিটি সিদ্ধান্তই এখন মানুষ-কেন্দ্রিক এবং প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের মেলবন্ধনে নেওয়া হচ্ছে।”
#WATCH | Budget session | PM Narendra Modi says, “India’s democracy and demography is a big hope to the world today. This is an opportunity to send across a message to the global community through this temple of democracy – of our capability, of our dedication to democracy, of… pic.twitter.com/MKxEdURd9D
— ANI (@ANI) January 29, 2026
মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুললেন মোদী
সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “আমাদের সরকার দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। প্রকল্প যাই হোক না কেন, তা সমাজের শেষ মানুষটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা আমাদের অপছন্দ করেন, তাঁরাও বিশ্বাস করেন যে, বর্তমান সরকার প্রান্তিক মানুষটির কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছে। আমরা এই ঐতিহ্য বজায় রাখব।” এছাড়াও ভারতের অর্থনৈতিক শক্তির কথা উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টানেন। তিনি বলেন, এই চুক্তি ভারতের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে। দেশের কৃষক ও মৎস্যজীবীদের জন্য এটি নতুন সুযোগের দরজা খুলে দেবে।
আরও পড়ুন: এবার অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, শোরগোল বসিরহাটে
‘বিকশিত ভারত’ গড়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে ২০৪৭ সালের মধ্যে এক অন্য ভারত তৈরি হবে তাই আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের কাছে। উল্লেখ্য, নির্মলা সীতারামন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা ৯ বার বাজেট পেশ করে ইতিহাস গড়তে চলেছেন। এটি এই শতাব্দীর দ্বিতীয় অংশের প্রথম বাজেট হতে চলেছে। তাই এই বাজেট যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।