টালিগঞ্জ রুটের যাত্রীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

Kolkata Metro authority takes a big decision to relief passengers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ব্রিজি স্টেশন থেকে নিউ গড়িয়ার মধ্যে একটি ট্রাকে একসঙ্গে একাধিক মেট্রো চালানোয় নিষেধাজ্ঞা দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। যার ফলে বারবার সমস্যায় পড়তে হয়েছে টালিগঞ্জ রুটের যাত্রীদের। এতদিন মেট্রোয় টালিগঞ্জ স্টেশন আসার প্রাক্কালে ঘোষণা হয়ে যেত, “এই ট্রেন টালিগঞ্জ পর্যন্তই যাবে। যাত্রী সাধারণকে মেট্রো থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।” ফলে, টালিগঞ্জের পরের স্টেশনগুলিতে পৌঁছানোর জন্য যারা মেট্রোতে উঠেছিলেন তাঁদের ভোগান্তি একেবারে চরমে উঠেছিল। অবশেষে সেই সমস্যার সমাধান বাতলে দিল খোদ মেট্রো রেল।

যাত্রীদের সুখবর শোনালো মেট্রো কর্তৃপক্ষ

টালিগঞ্জ রুটে ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে এবার এক লাইনে একসঙ্গে দুটি মেট্রো চালানোর সাময়িক ছাড়পত্র দিয়ে দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। এর ফলে, এবার থেকে ওই একটি ট্র্যাকে একের বেশি ট্রেন যাতায়াত করতে পারবে। তাতে আখেরে সুবিধা হবে যাত্রীদের। বলাই বাহুল্য, নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে এতদিন মেট্রো ঘোরানো হতো টালিগঞ্জ স্টেশন থেকেই। ফলে ব্রিজি পর্যন্ত যাওয়া হতো না যাত্রীদের।

তবে নতুন করে ছাড়পত্র মেলায় এবার থেকে নিউ গড়িয়াগামী প্রত্যেকটি মেট্রো টালিগঞ্জ স্টেশনের বদলে ব্রিজি পর্যন্তই ছুটবে। সূত্রের যা খবর, এতদিন যে 33টি মেট্রো টালিগঞ্জ থেকে ঘুরিয়ে নেওয়া হতো এবার কমবেশি সবগুলিই বিজি পর্যন্ত যাবে। আর এই খবর মেট্রোর নিত্য যাত্রীদের কাছে যে বড় ধরনের সুখবর সে কথা বলার অপেক্ষা রাখে না।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ বিতর্কে ভারত, বাংলাদেশ নাকি পাকিস্তানের পক্ষে? জানালেন শ্রীলঙ্কার বোর্ড কর্তা

উল্লেখ্য, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ এবং ডাউন দুদিকের প্ল্যাটফর্ম আচমকা বসে যাওয়ার পাশাপাশি একাধিক পিলারে ধরে ফাটল। আর তারপরই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ওই মেট্রো স্টেশনের যাত্রী পরিষেবা। তবে যাত্রী পরিষেবা বন্ধ হলেও ওই স্টেশনে ক্রস ওভার থাকায় এতদিন মেট্রোগুলিকে সেখান থেকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। এর অন্যতম কারণ ব্রিজি বা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ক্রস ওভার বা মেট্রোর লাইন পরিবর্তনের সুবিধা নেই। সে কথা ভেবেই টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছিল ট্রেনগুলি।

Leave a Comment