বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে মাঝে আর একটা মাস। তার আগেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়ে বড় বিতর্কে জড়িয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও আপাতত সেই বিতর্ক থেমেছে। ফলে, অন্যান্য দলের মতোই আসন্ন টুর্নামেন্টের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে শহরের দলটিও। সেই মতোই, গত নিলাম থেকে বেছে বেছে পছন্দের প্লেয়ারদের কিনেছে তারা। তবে এসবের মাঝে বারবার যে প্রশ্নটা অতিরঞ্জিত হয়ে উঠছে তা হল কে হবে KKR এর নতুন অধিনায়ক? নাকি এবারেও অজিঙ্কা রাহানেতেই ভরসা রাখবে শাহরুখের টিম?
রাহানেতেই ভরসা রাখবে KKR?
গতবছর, প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে সে অর্থে কিছুই করতে পারেননি দীর্ঘদিন ভারতীয় দল থেকে বিতাড়িত খেলোয়াড়। ব্যাট হাতে রান পেয়েছিলেন ঠিকই তবে, অধিনায়ক হিসেবে দলকে সফল করতে পারেননি তিনি। সবচেয়ে বড় কথা, গত সিজনে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকেই যাত্রা শেষ করেছিল KKR। যার কারণে, অজিঙ্কা রাহানেকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন বহু নাইট ভক্ত। মূলত সে কারণেই প্রশ্ন উঠছে, নতুন বছরেও কি রাহানেতেই ভরসা রাখবে কলকাতা? এ নিয়ে শাহরুখের দলের তরফে কিছুই জানানো হয়নি। তবে অনেকেই মনে করছেন, এবছর হয়তো রাহানের পরিবর্তে এক দাপুটে ক্রিকেটারকে নেতৃত্বদানের সুযোগ দিতে পারে KKR ম্যানেজমেন্ট।
রাহানের বদলে KKR কে নেতৃত্ব দিতে পারেন ইনি!
গত নিলাম টেবিলে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে নজরে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপরই এক ভিডিও বার্তায় নাইট ভক্তদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিলেন এই অজি তারকা। নতুন ক্রিকেটারকে নিয়ে আশাবাদী ভক্তরাও। KKR সমর্থকদের অনেকেরই বক্তব্য, এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নতুন সিজনে একবার অধিনায়কত্ব দিয়ে দেখতে পারে KKR ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, খুব একটা সমস্যা না হলে রাহানের বদলে অস্ট্রেলিয়ার গ্রিনই হতে পারেন কলকাতার নতুন অধিনায়ক। যদিও সবটা পরিষ্কার হবে KKR এর তরফে আনুষ্ঠানিক ঘোষণার পরই।
অবশ্যই পড়ুন: টালিগঞ্জ রুটের যাত্রীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে বারবার উঠে আসছে ভারতীয় টি-টোয়েন্টি দলের যোগ্য ফিনিশার রিঙ্কু সিংয়ের নাম। অনেকেই বলছেন, এই তরুণ ক্রিকেটারকে অধিনায়ক বানাতে পারে কলকাতা। তবে অভিজ্ঞ ক্রীড়াবিদদের দাবি, রিঙ্কুর মতো একজন তরুণ ক্রিকেটারকে এখনই নেতার দায়িত্ব দেবে না KKR। এর অন্যতম কারণ অভিজ্ঞতার অভাব।