ব্যারাকপুরের বিরিয়ানি মালিকের বউ পালাল ড্রাইভারের সাথে! অভিযোগ করে গ্রেফতার নিজেই

Barrackpore

সৌভিক মুখার্জী, ব্যারাকপুর: ব্যারাকপুরের (Barrackpore) বিরিয়ানি মানেই স্বাদে আর গন্ধে আলাদা পরিচিতি। তবে এবার সেই পরিচিত বিরিয়ানি ব্যবসায়ীর নামে উঠে আসলো চরম পারিবারিক বিবাদ। স্বামী-স্ত্রীর অভিযোগের পাল্টা অভিযোগে বিষয়টি পৌঁছেছে এবার থানায় আর গ্রেফতার হয়েছেন দুজন। ফলে এখন আলোচনায় শুধুমাত্র বিরিয়ানি নয়, বরং এক পরিবার ভাঙনের কাহিনীও! কী হয়েছে ঠিক?

ড্রাইভারের বিরুদ্ধে স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ

আসলে এই ঘটনার সূত্রপাত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের অভিযোগ থেকে। তাঁর দাবি, তাদেরই গাড়ি চালক সমীর সেন তাঁর স্ত্রী শ্রমনা দাসকে নাকি বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়েছে। এমনকি স্ত্রীকে নিয়ে দীঘা ও পুরী ঘুরে শেষে মুম্বাই পালানোর পরিকল্পনা করেছিল বলে থানায় অভিযোগ দায়ের করেছেন অনির্বাণ। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে গাড়ির চালক সমীর সেনকে গ্রেফতার করে।

তবে তদন্তের মধ্যে ঘটে এক নাটকীয় ঘটনা। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন শ্রমনা দাস। পুলিশের কাছে তাঁর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরেই নাকি শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে অনির্বাণ। তাঁর দাবি, অনেক অত্যাচার সহ্য করেছি। সম্প্রতি মারধর করেও আমার হাত ভেঙে দিয়েছে। সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার কারণে আমি ওর সঙ্গে থাকতে চাইনি। এখন ড্রাইভারের নামে মিথ্যা অভিযোগ এনে আমাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে।

এমনকি তাঁর অভিযোগ এখানেই থামেনি। তিনি আরও দাবি করেন, থানায় এসে পুলিশের সামনে চুলের মুঠি ধরে তাঁকে নাকি মারধর করেছে স্বামী অনির্বাণ দাস। আর পুলিশ মাঝখানে না ঢুকলে আরও বড় ঘটনা ঘটতে পারত বলে দাবি করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অনির্বাণ দাসকেও গ্রেফতার করে। এদিকে অনির্বাণ দাসের অভিযোগ, পরিবারের ড্রাইভারের সঙ্গে মুম্বাই পালনের ছক করেছিল শ্রমনা। তিনি দাবি করেন, গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের আগে তাদেরকে আটকানো হয়। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রমনা। তাঁর বক্তব্য, আমার নামে সোনার বিল রয়েছে। যেগুলো আমার বাবা দিয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

আরও পড়ুন: গাড়ি উঠতেই ভেঙে পড়ল ৩০ বছরের পুরোনো সেতু! হুলুস্থুল কাণ্ড শীতলকুচিতে

পাশাপাশি দিঘা ও পুরী যাওয়ার প্রসঙ্গ নিয়ে শ্রমনা স্পষ্ট বলেন, আমি ঘুরতে যেতেই পারি। তবে ড্রাইভারের সঙ্গে গিয়েছি এর প্রমাণ দিতে হবে। এতদিন চুপ ছিলাম। এবার আমি মুখ খুলবো। আর কোনও পালানোর রাস্তা দেব না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে চালক এবং বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আজ তাঁদের আদালতে তোলার কথা।

Leave a Comment