“এবার ৫০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি” ব্যারাকপুর থেকে টার্গেট বাঁধলেন অমিত শাহ

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই আবহে আজ তাই বাংলায় উত্তর এবং দক্ষিণে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। জানা গিয়েছে ব্যারাকপুরে বিজেপির কর্মী সম্মেলন থেকেই একের পর এক ইস্যু নিয়ে তৃণমূলকে তীব্র নিশানা করে চলেছেন শাহ (Amit Shah)। আনন্দপুরে অগ্নিকাণ্ড থেকে শুরু করে সীমান্তে বেড়া দেওয়ার ঘটনা নিয়েও বেশ উত্তেজিত তিনি। এখানেই শেষ নয়, কর্মীদের সামনেই এবার তিনি বঙ্গ বিধানসভা নির্বাচন ফলাফলের ভবিষ্যতবাণীও করলেন।

ব্যারাকপুরে অমিত বৈঠক

গতকাল অর্থাৎ শুক্রবারই বঙ্গসফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক দলীয় বৈঠকে মনোযোগ দিয়েছেন তিনি। পরিকল্পনামাফিক আজ সাড়ে ১২টা নাগাদ বারাকপুরের মঞ্চে ওঠেন অমিত শাহ। বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের উপস্থিত হয়েছে সম্মেলনে। মঞ্চে উঠতেই ‘ভারত মাতা কি জয়’ বলে বক্তৃতা শুরু করলেন শাহ। বললেন, ‘‘আওয়াজ কী হল? বাংলায় বিজেপি সরকার তৈরি করতে হবে তো, না কি! এই কণ্ঠ চলবে না। আমার সঙ্গে হাত তুলুন, জোরে বলুন, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম।’’ এরপরই আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করলেন তিনি।

আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মমতাকে তোপ শাহর

মঞ্চে মোমো কারখানায় আগুন লেগে যাওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে অমিত শাহ বলেন, ‘‘আনন্দপুরে যে আগুন লেগেছে, তা দুর্ঘটনা নয়। ২৫ জন মৃত। ২৭ জন নিখোঁজ। কেন হল? মোমো কারখানার মালিক যিনি, তিনি কার ঘনিষ্ঠ? সেখানে কার টাকা বিনিয়োগ হয়েছে? এত জন মারা গেলেন, অনুপ্রবেশকারী হলে এ রকমই করতেন মমতাজি? এই নিয়ে রাজনীতি কেন করছেন? লজ্জা পাওয়া উচিত।’’ এরপরেই তিনি গোটা ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুললেন। এই ঘটনায় অপরাধীদের জেলে পাঠানোর দাবিও তুললেন অমিত শাহ। এদিন ২৬ এর বিধানসভা নির্বাচনের জয়ের বাণীও গাইলেন অমিত। জানিয়ে দিলেন বিজেপি এবার ৫০ শতাংশের বেশি ভোট পেতে চলেছে।

৫০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি

অমিত শাহ ব্যারাকপুরে বক্তৃতার মঞ্চে জানান, “মা-মাটি-মানুষ বলে ক্ষমতায় এসেছিল মমতার সরকার। মহিলাদের নিরাপত্তা নেই। মাটি অনুপ্রবেশকারীরা হজম করেছে। মানুষ সিন্ডিকেট নিয়ে বিপর্যস্ত। তিনটির রক্ষা করতে হলে বিজেপির সরকার গড়তে হবে। এটা তৃণমূল সরকারকে টাটা বাই বাই করার বছর। কমিউনিস্টদের থেকে মুক্তি পেতে তৃণমূল সরকারকে এনেছিল বাংলার মানুষ। তৃণমূল এসে ওদেরও ভাল করে দিয়েছে। এখানে কাটমানি, ভাইপোর দাদাগিরি, পুলিশের ভুল প্রয়োগ, অনুপ্রবেশ একটা শিল্প হয়ে গিয়েছে। এবার সব জঞ্জাল সাফ হবে। বিজেপি এবার ৫০ শতাংশের বেশি ভোট পেতে চলেছে।

সীমান্তে বেড়া না দিতে দেওয়া নিয়ে কটাক্ষ

ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলেই সীমান্তে কাঁটাতার দেওয়া হবে। তাঁর কথায়, “হাই কোর্ট বলেছে, মমতার সরকার অনুপ্রবেশ রুখতে সচেষ্ট নয়। বড় ধাক্কা লেগেছে। উনি এখনও দেবেন না। কারণ তাঁর ভোটব্যাঙ্ক ওই অনুপ্রবেশকারী। তবে এপ্রিল মাসে বিজেপি সরকার হওয়ার পরে ৪৫ দিনের মধ্যে এই কাজ হবেই। বিজেপির মুখ্যমন্ত্রী করবেন। অসমে অনুপ্রবেশ চলত। বন্ধ হত না। আমাদের সরকার এসে বন্ধ করেছে। যেখানে বিজেপির সরকার সেখানে অনুপ্রবেশ হয় না।’’

আরও পড়ুন: ভরা বাজারে তৃণমূলের উপপ্রধান ও তাঁর ভাইকে সাবল দিয়ে মারধর! উত্তেজনা পূর্বস্থলীতে

প্রসঙ্গত, অমিত শাহের আজকের ব্যারাকপুরের সভার পরে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশে। কারণ আজ বিকেলেই এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করবেন তিনি। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার— পাঁচটি সাংগঠনিক জেলার কর্মীরা উপস্থিত থাকবেন ওই সভায়। তার পর বিকেল নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Comment