বাংলাদেশি হিন্দুদের জমি দেবে যোগী সরকার, বড় সিদ্ধান্ত ক্যাবিনেট মিটিংয়ে

Government of Uttar Pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নেওয়া ৯৯টি হিন্দু বাঙালি পরিবারের স্থায়ী পুনর্বাসনের জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার (Government of Uttar Pradesh)। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে মূলত মিরাট জেলার দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান হতে চলেছে বলেই খবর।

কোথায় ছিল পরিবারগুলি?

জানা যাচ্ছে, মিরাট জেলার মাওয়ানা তহসিলের নাগলা গুস্যাই গ্রামে এই ৯৯টি হিন্দু বাঙালি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল। কিন্তু তারা একটি জলাশয়ের পাড়ের জমিতে আইনি অনুমতি ছাড়া বসবাস করছিল। যার ফলে পরিবেশ আর প্রশাসনিক দিক থেকেই তৈরি হচ্ছিল চাপ। তবে মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিবারগুলিকে কানপুর দেহাত জেলার রসুলাবাদ তহসিলে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হবে।

এমনকি পুনর্বাসনের জন্য দুটি গ্রাম চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হল ভৈঁসা গ্রাম। এখানে পুনর্বাসন দফতরের নামে নথিভুক্ত ১১.৩৭৫ হেক্টর জমিতে বসতি পাবে মোট ৫০টি পরিবার। আর দ্বিতীয় গ্রামটি হল তাজপুর তারসৌলি, যেখানে ১০.৫৩০ হেক্টর জমিতে বাকি ৪৯টি পরিবার বসতি পাবে।

পরিবার পিছু কতটা জমি মিলবে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এবার প্রতিটি পরিবারকে ০.৫০ একর জমি দেওয়া হবে। আর এই জমি মূলত ৩০ বছরের লিজে দেওয়া হবে। প্রিমিয়াম বা লিজ ভাড়ার ভিত্তিতে প্রতি ৩০ বছর অন্তর তা নবীকরণ করা যাবে। একইভাবে সর্বাধিক ৯০ বছর পর্যন্ত এই জমিতে বসবাসের আইনি অধিকার পাবে পরিবারগুলি।

আরও পড়ুন: অনেকটাই বাড়তে পারে রান্নার গ্যাসের দাম!

এদিকে এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন দীর্ঘদিনের অস্থায়ী এবং নিরাপদ অবস্থায় থাকা পরিবারগুলির স্থায়ী ঠিকানা এবং ভবিষ্যতের সুরক্ষা মিলেছে, অন্যদিকে জলাশয় সংযুক্ত এলাকা মুক্ত হওয়ার কারণে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, এই সিদ্ধান্ত সাধারণ মানুষদের জীবনযাপনকে মর্যাদাপূর্ণ করবে। পাশাপাশি প্রশাসনিক এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখবে।

Leave a Comment