বিক্রম ব্যানার্জী, কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) জামানায় লাল বলের ক্রিকেটে ডুবেছে ভারত। ভারতীয় ক্রিকেট ভক্তরা মনে করেন, গম্ভীর দায়িত্ব ছাড়লেই ফের ছন্দে ফিরবে শুভমন গিলদের টেস্ট দল। এইতো কিছুদিন আগেই ভারতে এসে গৌতমের দলকে টেস্ট সিরিজে কার্যত জবাই করে দিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই দলের অধিনায়ক টেম্বা বাভুমা পরিষ্কার বুঝিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের চাকরি যদি কেউ বাঁচাতে পারেন তবে তারা হলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুই প্লেয়ার ছাড়া গতি নেই প্রধান কোচের।
গম্ভীরের চাকরি বাঁচাবে রোহিত, বিরাট?
দক্ষিণ আফ্রিকার কাছে সম্প্রতি টেস্ট সিরিজ হারলেও সাদা বলের ক্রিকেটে প্রোটিয়াদের ধুয়ে দিয়েছিল ভারত। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে কার্যত একার হাতে শায়েস্তা করেছিলেন রোহিত এবং বিরাট। এই দুই মহাতারকার জোরেই 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল ভারতীয় দল। গোটা সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছিল দুটি শতরান এবং একটি অর্ধশতক। রোহিত শর্মা করেছিলেন দুটি হাফ সেঞ্চুরি। সেই সূত্রেই ভারতীয় দল জিতেছে এমনটাই বিশ্বাস করেন বাভুমা। ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া জেতায় স্বস্তি পেয়েছেন গম্ভীরও।
এসব নিয়েই ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানিয়েছিলেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওয়ানডে সিরিজের কেমন খেলেছে সেটা সবাই দেখেছেন। তাতে জিতেছে ভারত। কিন্তু টেস্ট দলে তারা দুজন ছিলেন না। লাল বলের ক্রিকেটে ভারত নিশ্চিতভাবেই সন্ধিক্ষণ এর মধ্যে দিয়ে যাচ্ছে।” এদিন রোকোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীরের প্রসঙ্গ তোলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার বলে বসেন, “গৌতম গম্ভীরের উপর অনেকটাই চাপ আছে। লাল বলের ক্রিকেটে ওকে ধরে ধরে এগোতে হবে। নিজেকে সময় দিতে হবে। আমি মনে করি সাদা বলের ক্রিকেটে ভারত যেভাবে পারফর্ম করছে সেটা ওকে সাহায্য করবে।”
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে বৈভব সূর্যবংশীদের মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান!
এদিন এই বক্তব্যের মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকার সফল অধিনায়ক খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছিলেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি আছে বলেই সাদা বলের ক্রিকেটে সফল হচ্ছে ভারত। তাতে একদিক থেকে স্বস্তি পাচ্ছেন গম্ভীর। সম্প্রতি প্রোটিয়া অধিনায়ক লিখেছেন, “একদিনের ক্রিকেটে যেহেতু রোহিত এবং বিরাট রয়েছে, তাই তাদের পারফরমেন্স স্বাভাবিকভাবেই ভারতকে এগিয়ে দেবে। তাতে গম্ভীরের চাকরি বাঁচানোটা খুব একটা কঠিন কাজ হবে না। তবে লাল বলের ক্রিকেটে ভারত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।” যদিও বাভুমা মনে করেন, গম্ভীর ঠান্ডা মাথায় দলকে পরিচালনা করলে সফলতা আসতে পারে। তবে এখনই টেস্ট দলের জন্য ভারত নতুন কোচ নিয়োগ করবে না বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক।