সৌভিক মুখার্জী, ভাতার: আর হাতেগোনা হয়তো দুটো মাস বাকি। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তবে তার আগে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম প্রত্যেকটি রাজনৈতিক দল সভা মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শনে এখন ব্যস্ত। কিন্তু সেই আবহে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে উঠে আসলো চাঞ্চল্যকর ছবি, যা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়।
তৃণমূলের মিছিলে তৃণমূল নেতার বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান
রাজ্য জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হতেই শাসক দল এর বিরোধিতা করে আসছে। এমনকি সম্প্রতি এসআইআর শুনানি নিয়ে একের পর এক বিক্ষোভ মিছিল করে বেড়াচ্ছে তারা। সেই ইস্যুকে কেন্দ্র করেই এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাতারে মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে মিছিল চলাকালীন হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়। দেখা যায়, মিছিলে অংশ নেওয়া একাংশ দলীয় কর্মী আচমকা স্থানীয় তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। নিজেদের দলের লোকজনের মুখেই এমন অভিযোগ ওঠায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি প্রকাশ্যে অভিযোগ করেন, এখানকার বিধায়ক একজন চোর। উন্নয়নের নামে যে টাকা আসে তা সবই নিজের পকেটে ভরছে। এলাকায় কোনও উন্নয়ন তো চোখে পড়ে না। সাধারণ মানুষ কিছুই সুরাহা পাচ্ছে না। তিনি আরও দাবি করেন, এই সমস্ত অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানো হবে। টিকিট না পেলে ওই বিধায়ক বিজেপি করত। হ্যাঁ, আমরা বলছি মানু অধিকারীর কথা। বিধায়ক হয়ে চুরি-ছ্যাঁচড়ামি করে বেড়াচ্ছে। তাদের বক্তব্য, অবিলম্বে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা উচিত।
আরও পড়ুন: বাংলার জন্য কিছু নেই! বাজেটকে ‘হাম্পটি-ডাম্পটি’ বলে কটাক্ষ মমতার
এদিকে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মিছিলে এরকম ধুন্ধুমার কান্ড যে শাসকদলের ভিতরে অস্বস্তি সৃষ্টি করছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এমনকি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোড় উত্তেজনা। এরকম ঘটনা বিরোধীদের আক্রমণের সুযোগ করে দিচ্ছে বলেই মত প্রকাশ করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।