প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় অলি পাবে বিফ না মাটন বিতর্ক। কন্টেন্ট ক্রিয়েটার তথা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) লাইভ ভিডিও নিয়ে নানাবিধ কটাক্ষ উঠে এসেছে। সায়কের অভিযোগ ছিল, তিনি রেস্তোরাঁয় গিয়ে মাটন অর্থাৎ পাঁঠার মাংস অর্ডার করেছিলেন। কিন্তু তাঁকে না জানিয়েই দেওয়া হয় গরুর মাংসের স্টিক অর্থাৎ বিফ স্টিক। আর তাতেই যত ঝামেলার শুরু। তবে রেস্তোঁরা থেকে ক্ষমা চাইলেও এখনও সায়ককে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে উঠে এল এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ।
যৌন হয়রানির অভিযোগ সায়কের বিরুদ্ধে!
অভিনেতা তথা কন্টেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তীর একটি লাইভ ভিডিও ঘিরে যে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে বিরক্ত ইন্ডাস্ট্রির বাকি লোকেরাও। অর্ধেকের বেশি তাঁর এই কাণ্ডে একদমই সমর্থন করছে না। আবার অনেকেই সায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার করেছেন। এই অবস্থায় সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে প্রযোজক-পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়। গতকাল অর্থাৎ রবিবার সোশাল মিডিয়ায় তিনি সায়কের নাম না করে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। আর তাতেই হতবাক সৌমিতৃষ্ণা, রূপাঞ্জনা মিত্রর মতো অভিনেত্রীরাও।
কী বলছেন পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়?
প্রযোজক-পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, “সম্প্রতি বিতর্ক চর্চায় আসা একজন ভাইরাল ভ্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি কয়েক বছর আগে একটি ছোট শিশুকে যৌন হয়রানি করেছিলেন। জানা গিয়েছে, এই ঘটনাটি একটি সুপরিচিত প্রযোজনা সংস্থার নির্মিত জনপ্রিয় টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমে ঘটেছিল। যখন এই ঘটনা প্রকাশ্যে আসে তখন শিশুটির মা-সহ বেশ কয়েকজন এ সম্পর্কে জানতে পারেন। আর সেই সময় ওই ভ্লগার তথা অভিনেতা, সবার সামনে ক্ষমা চেয়েছিলেন, যার পরে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। সেই ঘটনায় ছোট ছেলেটির চোখের জলও শুকিয়ে গিয়েছিল, কারণ সেও শিখে গিয়েছিল যে এভাবেই সমাজে বিষয়গুলো স্বাভাবিক করে তোলা হয়।”
আরও পড়ুন: কয়লা কেলেঙ্কারিতে নয়া মোড়, হাওড়ার নতুন সিপি আকাশ মাগারিয়াকে তলব ইডির
অর্ক গঙ্গোপাধ্যায় সায়কের বিরুদ্ধে নাম না করে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুর্ভাগ্যবশত, একটি সমাজ হিসেবে আমরা যৌন নির্যাতন-সহ বিভিন্ন হয়রানিকে স্বাভাবিক করে তুলতে অভ্যস্ত হয়ে পড়েছি। এক্ষেত্রে ব্যতিক্রম নয় সিনেমার সেটও। মাঝে মাঝে, একটি সমাজ হিসেবে আমাদেরও অপরাধীদের বারবার অপরাধ করার সুযোগ করে দেওয়ার জন্য দায়বদ্ধতা নিতে হবে। অপরাধীদের অপরাধের প্রকৃতি হয়তো পরিবর্তিত হতে পারে, কিন্তু মানসিকতা প্রায়শই একই থাকে।” অর্কর এই পোস্ট ঘিরে কমেন্ট বক্সে উপচে পড়ে নেটিজেন সহ অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষ। যদিও এই ভয়ংকর অভিযোগের বিরুদ্ধে এখনো অব্দি কোনরকম প্রতিক্রিয়া জানাননি সায়ক চক্রবর্তী।