বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ধরি মাছ, না ছুঁই পানি” টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন নীতিতেই চলতে চাইছে পাকিস্তান। তাই বহু আপেক্ষিত টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ (India Vs Pakistan) বয়কট করেছে পাকিস্তান সরকার। এ নিয়ে রবিবারই, নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে PCB। পশ্চিমের দেশের তরফে আনুষ্ঠানিক বক্তব্যের পরেই অবস্থান স্পষ্ট করেছে ICC। এবার বড় সিদ্ধান্তের কথা জানালো, ভারতীয় ক্রিকেট বোর্ডও। জানা যাচ্ছে, পাক দল 15 ফেব্রুয়ারির ম্যাচে খেলুক বা না খেলুক, সূর্যকুমার যাদবেরা নিয়ম মেনে শ্রীলঙ্কায় যাবেন। সেখানে অনুশীলনও করবে টিম ইন্ডিয়া।
ঠিক কী জানাল BCCI?
বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট কাণ্ডে এবার মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের একটি সূত্র দাবি করছে, আগামী 15 ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই মতোই, নিয়ম মেনে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সেখানে পৌঁছে ম্যাচের জন্য প্রয়োজনীয় অনুশীলনও করবেন সূর্যরা। এর সবচেয়ে বড় কারণ, পাকিস্তানের দাবিকে মান্যতা দিয়েই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচ। তাই পাকিস্তান খেলুক বা না খেলুক নিয়ম রক্ষা করবে ভারত।
এক কথায়, পাকিস্তান সরকারের অযৌক্তিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনও কঠোর পদক্ষেপের পথে যাচ্ছে না ভারত। বদলে নম্রভাবেই নিয়ম মেনে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য যাবতীয় পরিবেশ তৈরি করে রাখবে তারা। এও জানা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অংশ নেবেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। এখানেই শেষ নয়, ম্যাচের নির্ধারিত সময়ে মাঠে পৌঁছে যাবে মেন ইন ব্লু।
Men’s T20 World Cup 2026 | India will travel to Sri Lanka on 15th February and follow ICC protocol. They will practice as per schedule, do a press conference and reach the stadium according to time and wait for the match referee to call off the match: BCCI Sources
— ANI (@ANI) February 1, 2026
অবশ্যই পড়ুন: ভারতের ম্যাচ বয়কটে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে পাকিস্তানের! বলে দিল ICC
উল্লেখ্য, রবিবার রাতেই পাকিস্তান সরকারের সিদ্ধান্তের খবর পাওয়া মাত্রই অবস্থান স্পষ্ট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সাথে সিলেক্টিভ পার্টিসিপেশন একেবারেই মানানসই নয়। প্রত্যেকটি দলকে সমান শর্ত মেনেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় আগামী দিনে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান দল। এখন দেখার শেষ পর্যন্ত পাকিস্তানকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।