বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের রেল ব্যবস্থার আমূল উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে আবেদন জানানো হয়েছিল, 2026-27 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে রেল খাতে 2.75 লক্ষ কোটি টাকা বরাদ্দের। রবিবার সেই মতোই, ভারতীয় রেল (Indian Railways) খাতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গতকালের বাজেটে ভারতীয় রেল পেয়েছে 2 লাখ 77 হাজার 830 কোটি টাকা। যেখানে গত আর্থিক বছরে বরাদ্দ ছিল 2.52 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কায় রেলে বরাদ্দ বেড়েছে 10.25 শতাংশ। আর এই ঘোষণার পরই প্রশ্ন উঠছে আগামী দিনে কি দাম বাড়তে চলেছে ট্রেনের টিকিটের? সংসদে বাজেট পেশ করে খানিকটা তেমন ইঙ্গিতই দিয়েছে কেন্দ্র।
দাম বাড়ছে ট্রেনের টিকিটের?
সাম্প্রতিক বছরগুলিতে যাত্রীদের নতুন নতুন পরিষেবা উপহার দিয়েছে ভারতীয় রেল। বন্দে ভারত থেকে শুরু করে অমৃত ভারত এমনকি নম ভারতে ভ্রমণের স্বাদ পেয়েছেন দেশবাসী। বিধানসভা নির্বাচনের আগে বাংলাকেও উপহার দেওয়া হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রেললাইন প্রকল্পের কাজেও হাত লাগাতে চলেছে ভারতীয় রেলওয়ে। তবে শুধু বাংলা নয়, দেশজুড়ে রেল লাইনের পরিধি বাড়াচ্ছে রেলমন্ত্রক। এরই মাঝে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়েও চলছে কাজ। সব মিলিয়ে যাত্রীদের সুবিধার্থে যথাযথ পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাহলে কি আগামী দিনে বাড়তে চলেছে ট্রেনের টিকিটের দাম?
বলাই বাহুল্য, গত আর্থিক বছর অর্থাৎ 2025-26 এ ভারতীয় যাত্রীদের কাছ থেকে 80 হাজার কোটি টাকা আয় করেছিল ভারতীয় রেলওয়ে। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী 2027 বছরের মধ্যে যাত্রীদের কাছ থেকে 87 হাজার 300 কোটি টাকা আয় হবে ভারতীয় রেলের। যদিও এই সবটাই অনুমান। বেশ কয়েকটি সূত্র বলছে, রেলে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি যাত্রীদের পকেট থেকে গত বছরের তুলনায় অধিক অর্থ তুলতে চায় কেন্দ্র। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আয়ের প্রধান উৎস অর্থাৎ ট্রেনের টিকিটের দাম বাড়লেও বাড়তে পারে। যদিও এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় রেলওয়ে।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ না হলে ২০০০০০০০০০ টাকা হারাবে ICC!
উল্লেখ্য, রাজস্বের দিক থেকে গত আর্থিক বছর অর্থাৎ 2025-26 এ 2.78 ট্রিলিয়ন ডলার আয় করেছিল ভারতীয় রেলওয়ে। বাজেটের পর নতুন আর্থিক বছর, 2026-27 এ রাজস্ব আদায়ের পরিমাণটা বাড়িয়ে 3.02 ট্রিলিয়ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। যদিও অনেকেরই ধারণা, নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে কিছুটা হলেও কম আয় হবে রেলের।