বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরি মাছ, না ছুঁই পানি, নীতি নিয়ে চলছে পাকিস্তান (India Vs Pakistan)। আসলে বিশ্বকাপের সমস্ত ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে দল নামাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার, সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে PCB। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্তকে অনুসরণ করেই ভারতের ম্যাচ বয়কট করেছে তারা। তবে এখন শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হলেও, একই দিনে ক্রিকেটের ময়দানে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী।
15 ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এমন সিদ্ধান্ত অন্যায় হিসেবেই দেখছে ভাই পাকিস্তান। মূলত সে কারণেই, ভাইজানের পাশে দাঁড়িয়ে ভারতের ম্যাচ বয়কট করে দিয়েছে তারা। তবে শোনা যাচ্ছে, 15 ফেব্রুয়ারি দিনটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি না হলেও ওই দিনই থাইল্যান্ডে একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান।
জানা যাচ্ছে, দেশটিতে রাইজিং স্টার্স এশিয়া কাপের মঞ্চে একে অপরের বিরুদ্ধে খেলবে ভারত এবং পাকিস্তান। আসরে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই পাকিস্তান দলের। বলাই বাহুল্য, এশিয়া কাপের মঞ্চে মহিলাদের এ দলের প্লেয়ারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ড জানিয়ে দিয়েছে, 15 ফেব্রুয়ারি ভারতের এ দলের মুখোমুখি হবে পাকিস্তানের নারী দল। এদিন দুপুর দুটো থেকে শুরু হবে ম্যাচ।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী করবে পাকিস্তান?
প্রসঙ্গত, রাইজিং স্টার্স এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যে সংস্থার সিংহাসনে রয়েছেন খোদ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর নেতৃত্বেই আয়োজিত হতে চলেছে গোটা প্রতিযোগিতা। কাজেই সেখানে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হতে কোনও দ্বিতীয় চিন্তা করছে না পাকিস্তান। বলে রাখি, মহিলাদের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের সাথে একই গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপালও।