প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার (WBCHSE Exam 2026)। টেনেটুনে এখন হাতে বাকি আর মাত্র ৯ দিন, তাই এইমুহুর্তে পরীক্ষার্থীদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমতাবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রের ধরন নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। থাকবে দ্বিগুণ প্রশ্ন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন বেছে উত্তর লেখার সুযোগ থাকবে বেশি।
প্রশ্নপত্রের ধরন নিয়ে বড় আপডেট
ছাত্রছাত্রীদের পরীক্ষার চাপ কমাতে একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর এবার পরীক্ষার সময়ে প্রশ্নপত্রে চালু করতে চলেছে ‘2x’ ফর্মুলা। নতুন নিয়ম অনুযায়ী, আসলে ‘2x’ ফর্মুলা হল কোনো একটি নির্দিষ্ট ইউনিট বা টপিক থেকে ছাত্রছাত্রীদের যতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, তার দ্বিগুণ সংখ্যক প্রশ্ন বিকল্প হিসেবে দেওয়া থাকবে। অর্থাৎ, আগে যেখানে দু’টি প্রশ্নের উত্তর দিতে হলে পরীক্ষার্থীদের দেওয়া হত তিনটি প্রশ্ন। এখন সেখানে চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনও দু’টি বেছে উত্তর দিতে পারবে পরীক্ষার্থীরা। এখন থেকে এই নিয়ম চতুর্থ সেমিস্টারের সমস্ত বিষয়ের পরীক্ষায় অনুসরণ করা হবে।
চাপ অনেকটাই কমবে পরীক্ষার্থীদের
রিপোর্ট মোতাবেক, সম্প্রতি প্রধান শিক্ষকদের নিয়ে প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষা বিষয় নিয়ে এক বৈঠক করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখানেই 2x ফর্মুলা নিয়মটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, “ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবেন। তাদের কাছে বিকল্প প্রশ্নের সংখ্যা বেশি থাকবে।”এই নতুন নিয়মের ফলে ছাত্রছাত্রীদের ওপর থেকে পরীক্ষার চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এমনকি পরীক্ষায় ভালো ফল করার সুযোগ বাড়বে।
আরও পড়ুন: হাওড়া-শিয়ালদা লাইনের যাত্রীদের জন্য বড় খবর! এবার যা করছে রেল, শুনে খুশি হবেন
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীদের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ২৫৭০ জন। পাশপাশি তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরাও এই পরীক্ষা দেবে। তাদের সংখ্যা ৫৬,৩৯৪ জন।সেক্ষেত্রে তৃতীয় সেমেস্টারে উত্তীর্ণ হতে না পারলে, চতুর্থ সেমেস্টারে থেকে ফের তৃতীয় সেমেস্টার পরীক্ষার সুযোগ রয়েছে বলে জানা গিয়েছে।