হোয়াটসঅ্যাপ চালাতে গেলে এবার কিনতে হবে সাবস্ক্রিপশন!

WhatsApp Paid Subscription

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহৃত হয়ে আসা WhatsApp এবার বিরাট পরিবর্তনের পথে হাঁটতে পারে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় মেসেজিং অ্যাপটি এবার পেইড সাবস্ক্রিপশন প্ল্যান (WhatsApp Paid Subscription) চালু করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে ব্যবহারকারীরা বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার্স উপভোগ করতে পারবে। তবে স্বস্তির খবর এই যে, এই সাবস্ক্রিপশন বাধ্যতামূলক নয়, বরং যারা বর্তমানে ফ্রি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, তারা আগের মতোই বিনা খরচে ব্যবহার করতে পারবে।

কী এই হোয়াটসঅ্যাপের নতুন প্রিমিয়াম প্ল্যান?

প্রযুক্তি বিষয়ক সূত্রের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রেখেছে এই প্রিমিয়াম প্ল্যান। আর বিটা ভার্সনের কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই তা ওয়েটলিস্টে দেখতে পাচ্ছে। অর্থাৎ, ফিচার্সটি এখন তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে চালু হতে পারে। হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, এই প্ল্যান শুধুমাত্র তাদের জন্যই, যারা অ্যাপ ব্যবহার করে আরও বেশি কাস্টমাইজেশনের সুবিধা নিতে চায়।

কী কী সুবিধা পাবে প্রিমিয়াম ইউজাররা?

হোয়াটসঅ্যাপ মূলত কাস্টমাইজেশন এবং কনভিনয়েন্সের উপর জোর দিচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল—

  • এক্সক্লুসিভ স্টিকার প্যাক থাকবে, যেগুলো সাধারণ ইউজাররা ব্যবহার করতে পারবে না।
  • নিজের পছন্দ অনুযায়ী হোয়াটসঅ্যাপের লুক বদলানোর সুযোগ, অর্থাৎ নতুন অ্যাপ থিম দেওয়া হবে।
  • হোমস্ক্রিনে হোয়াটসঅ্যাপ আইকনের ডিজাইনও বদলানো যাবে। অর্থাৎ কাস্টম অ্যাপ আইকনের সুবিধা মিলবে।
  • বর্তমানে আমরা তিনটির বেশি চ্যাট পিন করতে পারি না। কিন্তু এবার সেই সুযোগ পাওয়া যাবে।
  • প্রিমিয়াম ইউজারদের জন্য এবার আলাদা নোটিফিকেশন সাউন্ড পাওয়া যাবে।

প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপ মাত্র তিনটি চ্যাট পিন করার অনুমতি দিয়ে থাকে। অনেক ব্যবহারকারীর কাছে এটি সীমাবদ্ধ বলেই মনে হয়। কিন্তু নতুন প্ল্যানে সেই সমস্যা সমাধান হবে বলেই খবর।

এদিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটাই শেষ নয়। কারণ, ব্যবহারকারীদের মতামতের উপর ভিত্তি করে ভবিষ্যতে আরও নতুন প্রিমিয়াম ফিচার্স যোগ করা হতে পারে। যেহেতু প্ল্যানটি এখনও তৈরি হচ্ছে, তাই চূড়ান্ত রিলিজের আগে হয়তো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পেইড সাবস্ক্রিপশনের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও বেশ কিছু নতুন ফিচার্স পরীক্ষা করছে। জানা যাচ্ছে, এবার Meta AI-র ‘থিঙ্কিং মোড’ আসবে। আর এই মোড চালু হলে AI একটু বেশি সময় নিয়েই প্রশ্ন বিশ্লেষণ করবে এবং আরও বিস্তারিত উত্তর দেবে। ব্যবহারকারীরা চাইলে খুব দ্রুত উত্তর বা গভীর বিশ্লেষণও পাবে। দুটির মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শীতের ব্যাটিংয়ের মাঝেই ২ জেলায় বর্ষণের সম্ভাবনা, আজকের আবহাওয়া

হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আসছে পরিবর্তন

এদিকে হোয়াটসঅ্যাপ এবার চ্যানেলের ক্ষেত্রেও বেশ কিছু আপডেট নিয়ে আসছে। যেমন ২৪ ঘন্টার স্ট্যাটাস আপডেটের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি পেইড পার্টনারশিপ লেভেলের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ, স্পন্সরশিপ পোস্ট সহজেই জানা যাবে। এমনকি চ্যানেলের পোস্ট কতবার ফরোয়ার্ড হচ্ছে, তার স্ট্যাটিসটিক্স জানা যাবে। আর সাম্প্রতিক চ্যাট সার্চ দেখানোর জন্য আলাদা সেকশন থাকবে।

Leave a Comment