বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেল ট্র্যাক ধরে ছুটে চলা ট্রেন লক্ষ্য করে দূর থেকে পাথর ছোড়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় রেলের। সাম্প্রতিককালে ট্রেনে পাথর ছোড়ার মতো কুকার্য আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেলমন্ত্রক। বাংলার বিভিন্ন রেল স্টেশন চত্বরে বসানো হয়েছে সৌরশক্তি চালিত সিসিটিভি ক্যামেরা। তাতে ট্রেনে পাথর ছোড়ার প্রবণতা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। এবার এই ঘটনার নিরিখে মালদহকে সবচেয়ে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করল রেল (Indian Railways On Malda)। রেলের দাবি, গত এক থেকে দেড় বছরে মালদহে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা লাফিয়ে বেড়েছে। যা সত্যিই উদ্বেগের।
বাংলায় পূর্ব রেলের অবস্থা নিয়ে চিন্তায় রেল মন্ত্রক এবং রেল বোর্ড
রেল সূত্রে খবর, গত এক বছরে পশ্চিমবঙ্গের পূর্ব রেলে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে মোট 150টি। রেল বলছে, এর মধ্যে সবচেয়ে বেশি পাথর ছোড়ার খবর উঠে এসেছে মালদহ থেকে। মূলত সে কারণেই পূর্ব রেলের অধীনে থাকা এই জেলাকে সবচেয়ে উদ্বেগজনক এবং ভয়াবহ জেলা হিসেবে চিহ্নিত করেছে রেল বোর্ড। রেলের শীর্ষ আধিকারিকদের একাংশের দাবি, মালদহে ট্রেন লক্ষ্য করে যে পরিমাণ পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, তা পূর্ব রেলের অন্তর্গত বাংলার আর কোথাও ঘটেনি।
ভারতীয় রেল সূত্রে যা খবর, বিগত দিনগুলিতে বন্দে ভারত থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনগুলি মালদহের উপর থেকে যাওয়ার সময় অজানাদের ছোঁড়া ঢিলে ভেঙেছে ট্রেনের কাচ। তাছাড়াও বেশ কয়েকবার ঢিল ট্রেন চালকের বসার আসনে গিয়েও পড়েছে বলেই দাবি রেল সূত্রের। এতে বিগত দিনগুলিতে রেলের সম্পত্তির ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। পূর্ব রেলের কয়েকজন আধিকারিকের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা আটকাতে বেশ কয়েকবার মালদাহ জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসনকে জানানো হলেও কোনও লাভ হয়নি। এদিকে একই চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদেও। ভারতীয় রেল দাবি করে, মালদার পাশের জেলা মুর্শিদাবাদ থেকেও ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা কম ঘটেনি। সে কারণেই ওই জেলাটিকেও উদ্বেগের তালিকায় রেখেছে রেলমন্ত্রক ও রেল বোর্ড।
অবশ্যই পড়ুন: অভিষেক বা সূর্য নন, T20 বিশ্বকাপে ভারতকে তিন বারের চ্যাম্পিয়ন করতে পারেন ইনি
প্রসঙ্গত, ভারতীয় রেলের রিপোর্ট অনুযায়ী, গত বছরের জুলাই থেকে শেষ ডিসেম্বর পর্যন্ত গোটা দেশে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে মোট 1698টি। যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 655 জনকে। পশ্চিমবঙ্গের মূলত তিনটি রেল জোন পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর সীমান্ত রেলের পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা পূর্ব রেলের মালদহে। পিছিয়ে নেই খড়গপুরও। বারবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা আটকাতে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে হাওড়া-খড়গপুর এবং খড়্গপুর টাটানগর রেল ডিভিশনের বিভিন্ন স্টেশনে বসানো হয়েছে সোলার ক্যামেরা। তাতে ট্রেনে পাথর ছোড়ার মতো কুকর্ম অনেকটাই আটকানো গেছে বলেই দাবি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF এর।