সহেলি মিত্র, কলকাতাঃ তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে বাংলায়। সেইসঙ্গে আংশিক মেঘলা আকাশ, গায়ে কাঁপুনি ধরানো ঠান্ডা হাওয়া। গরম কি আসছে নাকি শীত ফিরে আসছে নতুন করে? অন্য কথাই বলছে হাওয়া অফিস। আলিপুরের তরফে সাফ জানানো হয়েছে, এখন আর নতুন করে শীত ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বাংলায়। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল অবধি বাংলায় শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। সেইসঙ্গে কিছু জেলায় বৃষ্টি এবং হালকা থেকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজও শীতের দাপট থাকবে বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুনঃ অন্ধকার নামবে দেশজুড়ে! বিকল হতে পারে নেটওয়ার্ক, বৃহস্পতিবার ব্ল্যাকআউটের আশঙ্কা
আসলে ভারতে তৈরি হয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে কিছুদিন ধরে তাপমাত্রা বাড়ছিল। এখনও যার প্রভাব ভালো মতোই রয়েছে সর্বত্র। যাইহোক, আগামী ৭ দিন রাজ্যে উল্লেখযোগ্য কোনও আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কম। সকাল ও রাতের তাপমাত্রা এখনকার মতোই থাকবে। নতুন সপ্তাহ থেকে ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নেবে শীত। আপাতত ৭ দিন আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা। বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪ ডিগ্রির আশেপাশে। এছাড়া জলপাইগুড়ির পারদ আজ পৌঁছেছে ১৩.৪ ডিগ্রির ঘরে। সব মিলিয়ে উত্তরের জেলাগুলিতেও শীতের ব্যাটিং অব্যাহত রয়েছে। আজও আবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।