প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে উঠে পড়ে লেগেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। একদিকে শাসকদল উন্নয়নের পাঁচালি নিয়ে জেলায় জেলায় ঘুরছে অন্যদিকে বিজেপিও নিজের মতো করে সভা-মিছিল করছেন। এমতাবস্থায় বীরভূম শান্তিনিকেতনে (Santiniketan) স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে এল ভয়ঙ্কর অভিযোগ। জানা গিয়েছে ওই নেতার হোটেলেই নাকি চুপিসারে বসত মধুচক্রের আসর। গোটা ঘটনায় তদন্তে নামল পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক শান্তিনিকেতনের প্রান্তিক রেলস্টেশনের ধারে সেখানকার এক তৃণমূল নেতার তত্ত্বাবধানে একটি হোম স্টে-তে মধুচক্র কাণ্ডের অভিযোগ উঠে এসেছে। অনেকদিন ধরেই এই অভিযোগ উঠে আসছিল। অবশেষে গতকাল অর্থাৎ বুধবার, শান্তিনিকেতন থানার একটি বিশেষ টিম সেই হোম স্টে-তে আচমকা হানা দেয়। আর তাতেই বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ৪ জনকে। জানা গিয়েছে আজ অভিযুক্তদের বোলপুর আদালতে তোলা হবে।
গ্রেফতার করা হয় ৪ জনকে
স্থানীয়দের অভিযোগ, হোটেলটি দীর্ঘ দিনের। বেশ কিছু দিন ধরে তাঁরা লক্ষ্য করে আসছেন, প্রতিদিনই অপরিচিত পুরুষ-মহিলারা হোটেলে আসছেন। তাঁদের আচরণ, কথাবার্তা ছিল ভিন্ন ধরনের। পরে জানা যায় সেখানে অশ্লীল কাজ চলছে। আপাতত এই ঘটনায় গ্রেফতার করা হয় ৪ জনকে। তবে পুলিশের প্রাথমিক ধারণা এই ঘটনায় আরও কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে স্থানীয়রা দাবি জানাচ্ছে শীঘ্রই হোটেলটা যেন সিল করা হয়। এবং গ্রেফতার করা হয় তৃণমূলের নেতাকে।
আরও পড়ুন: ওলটপালট হয়ে গেল TRP তালিকা, চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে? রয়েছে মেগা চমক
কিছুদিন আগেই তৃণমূলেরই এক নেতা কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ তুলেছিল। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বিধায়ক। তাঁর দাবি, পুরোটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ আছে। সেখানে একজন মহিলা এসেছিলেন। কোনও একটা বিষয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন তিনি।