১০০০ টাকা বেতন বৃদ্ধি সহ আরেকটি উপহার, সিভিকদের জন্য বড় ঘোষণা বাজেটে

Bengal Budget 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, বিধানসভায় পেশ হল রাজ্যের সপ্তদশ বিধানসভা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। আর তাতেই সাধারণ মানুষের জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। এমতাবস্থায় বাজেটে (Bengal Budget 2026)বাদ পড়ল না সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশরা। বাড়ানো হল তাঁদের বেতন।

বাড়ল সিভিকদের বেতন

রিপোর্ট মোতাবেক অন্তর্বর্তী বাজেট ঘোষণায় সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ চমক আনল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করে জানিয়েছেন যে ‘সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির করা হতে চলেছে। আর বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা।’ এর আগে ২০২৪ সালে রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বেড়েছিল ১০০০ টাকা। যদিও সেবার ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।

বাড়ল ক্ষতিপূরণ

জানা গিয়েছে, ২০২৪ সালে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত রাখা হয়েছিল সিভিক ভলান্টিয়ারদের জন্য। তার আগে পর্যন্ত সেটাই ছিল ১০ শতাংশ ছিল। এছাড়াও, এতদিন কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের কর্মীদের মৃত্যু হলে তাঁদের পরিবার ৩ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ পায়। কিন্তু এবার বাজেটে বাড়িয়ে তা ৫ লাখ টাকা করা হল।তাতেই বেশ খুশি সকলে। অন্যদিকে শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে।

আরও পড়ুন: বাজেটে বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়াল রাজ্য সরকার, কবে থেকে মিলবে?

প্রসঙ্গত, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্প ঘোষণা করা হল। মাধ্যমিক পাশ বেকারদের ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার নিয়ে আসল ‘বাংলার যুব সাথী’। এই প্রকল্পের জন্য ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। জানা গিয়েছে, রাজ্যে তৃণমূল সরকার ফের ক্ষমতায় ফিরলে ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। পাশপাশি রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে।

Leave a Comment