সৌভিক মুখার্জী, কলকাতা: ক্রেডিট কার্ড (Credit Card) মানেই বিল আর ঋণের বোঝা। এমনটাই হয়তো ধারণা সাধারণ মানুষের। তবে সেই ধারণাকে বদলে দিয়েছে ভারতের মনীশ ধামেজা। তিনি শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যবহার করেন না, বরং সেগুলোকে আয় এবং সুবিধা পাওয়ার অভিনব উপায়ে পরিণত করেছেন। সেই কারণে তাঁর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) নাম উঠল।
১৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ডের মালিক
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মনীশ ধামেজার কাছে রয়েছে মোট ১৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ড, যা কিনা বিশ্বরেকর্ড। ২০২১ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠানিকভাবে এই কৃতিত্ব মেলে। সবথেকে অবাক করার বিষয়, এত বিপুল সংখ্যক কার্ড থাকা সত্ত্বেও তাঁর নামে এক টাকাও ঋণ নেই। অত্যন্ত পরিকল্পিতভাবেই তিনি প্রত্যেকটি কার্ড পরিচালনা করেন।
তাঁর কথায়, তিনি ক্রেডিট কার্ডকে শুধুমাত্র পেমেন্ট টুল হিসেবে দেখেন না, বরং এগুলোকে রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ, ক্যাশব্যাক পেতে, এয়ার মাইলস জমাতে, ফ্রি ট্রাভেল সুবিধা, হোটেল ভাউচার, শপিং কুপন, সিনেমার টিকিট, এয়ারপোর্ট ও রেলওয়ে লাউঞ্জ, ফুয়েল বেনিফিটের জন্য ব্যবহার করে থাকেন। আর বিভিন্ন মাইলস্টোন পূরণ করেই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। এমনকি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ক্রেডিট কার্ড ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। রিওয়ার্ড আর কমপ্লিমেন্টারি সুবিধা উপভোগ করতে ভালই লাগে।”
আরও পড়ুন: ভারত-ভুটান, অসম-বাংলার মধ্যে ছুটবে ট্রেন! চিকেনস নেক রক্ষায় বড় প্ল্যান রেলের
এদিকে ২০১৬ সালে ভারতে নোট বন্দির সময় যখন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়, তখন সারাদেশে নগদের অভাব দেখা যায়। এমনকি ব্যাঙ্ক ও এটিএম এর সামনে দীর্ঘ লাইন পড়ে। সেই সময় ক্রেডিট কার্ডই তাঁকে স্বস্তি দিয়েছে বলে জানান মনীশ। তাঁর কথায়, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে তাঁকে নগদের জন্য দৌড়াদৌড়ি করতে হয়নি। বরং স্বাভাবিকভাবেই তিনি খরচ চালিয়ে যেতে পেরেছিলেন।