বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের সফলতম দল ভারত। এই দলের বিরুদ্ধেই আজ অর্থাৎ শুক্রবার খেতাবি লড়াইয়ে নামছে ইংল্যান্ড (India Vs England)। একদিকে গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত আয়ুষ মাত্রেরা। অন্যদিকে ইংল্যান্ডও চলতি টুর্নামেন্টে একটিও পরাজয় দেখেনি। ফলে দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে হবে সেয়ানে সেয়ানে লড়াই। ইংল্যান্ডের বীরত্ব গুঁড়িয়ে দিতে পারলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারতীয় দল। এখন দেখার হাইভোল্টেজ ম্যাচে কতটা নিজেদের ক্ষমতা দেখাতে পারেন বৈভব সূর্যবংশীরা।
ম্যাচের আগেই ইংল্যান্ডের থেকে এগিয়ে ভারত
আজ পর্যন্ত অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপে মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ভারতের হাতে এসেছে পাঁচ পাঁচটি বিশ্বকাপের ট্রফি। যদিও 2022 এর চ্যাম্পিয়ন ভারত গত বছর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচের আগেই ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই ভরপুর আত্মবিশ্বাস নিয়েই আজ ময়দানে খেল দেখাবেন বৈভবরা।
বলাই বাহুল্য, চলতি একদিনের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। বৈভব সূর্যবংশী থেকে শুরু করে বিধান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডুরা প্রায় নিয়মিত রান পাচ্ছেন। 6 ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি সহ 264 রান করেছেন বিহারের ভূমিপুত্র। এদিকে বিহানের সংগ্রহ 210 রান। অভিজ্ঞান তুলেছেন 199 রান। যদিও চিন্তায় রেখেছিল অধিনায়ক মাত্রের ফর্ম। তবে সেমি ফাইনালে তাঁর আলোকজ্জ্বল ইনিংস বলা ভাল হাফ সেঞ্চুরি দেখে স্বস্তি পেয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে ভারতের বোলিং বিভাগও একেবারে চনমনে। বল হাতে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দিচ্ছেন হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্ররা। সব মিলিয়ে, ইংল্যান্ডকে শায়েস্তা করতে পুরোপুরি তৈরি ভারত।
অবশ্যই পড়ুন: পরকীয়ায় মশগুল বর্ধমানের বিজেপি নেতা, ধরা পড়তেই জোর করে বিয়ে দিল এলাকাবাসী
উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার বেলা 1টা থেকে শুরু হয়েছে বৈভব সূর্যবংশীদের হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের লাইভ সম্প্রচার ঘরে বসে দেখতে চাইলে চোখ রাখতে হবে, স্টার স্পোর্টস টিভি চ্যানেলে। এছাড়াও নিজের মোবাইল অথবা ল্যাপটপ থেকে ঘরে কিংবা অফিসে বসে এই ম্যাচ উপভোগ করতে হলে নজর রাখুন JioHotstar এ।