বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আমেরিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। আর তার ঠিক আগেই টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর (Bad News For Team India)। একদিন আগে হাঁটুতে চোটের কারণে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। এবার খবর এল, বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্তম্ভ জোরে বোলার জসপ্রীত বুমরাহ। Tv9 এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রথম ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় তারকা। যে কারণে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।
কী হয়েছে বুমরাহর?
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় তারকা জসপ্রীত। জানা গিয়েছে, ভাইরাল ফিভারে আক্রান্ত তিনি। মূলত সে কারণেই প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। ওই রিপোর্টে এও বলা হয়েছে, গত শুক্রবার টিম ইন্ডিয়ার অনুশীলন সেশন চলাকালীন মাঠে এসেছিলেন বুমরাহ। সেই সময় নাকি তিনি কোনও রকম অনুশীলন করতে পারেননি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আগে হঠাৎ করে ভারতীয় ক্রিকেটারের অসুস্থতা কিছুটা হলেও ভাবাচ্ছে BCCI কর্তাদের। তবে প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে হাওয়ায় বিশেষ চিন্তিত নন টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচ থেকেই পাওয়া যাবে জসপ্রীতকে। এ নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
অবশ্যই পড়ুন: RCB কিনতে মোটা টাকার বিড ম্যানচেস্টার ইউনাইটেডের সহ মালিকের
বুমরাহর পরিবর্তে কে খেলবেন?
আজ, আমেরিকার বিরুদ্ধে বুমরাহর বদলি হিসেবে ভারতীয় একাদশে কাকে খেলানো হতে পারে তা নিয়ে এই মুহূর্তে বেশ সংশয় রয়েছে। তবে কয়েকটি সূত্র দাবি করছে, অর্শদীপ সিং অথবা মহম্মদ সিরাজের মধ্যে থেকে যেকোনও একজন সুযোগ পেতে পারেন শনিবারের ম্যাচে। মনে করা হচ্ছে, বুমরাহর বিকল্প হিসেবে সিরাজকেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সব ঠিক থাকলে আজ সন্ধ্যায় ভারতের হয়ে বল হাতে দাপট দেখাতে পারেন তিনি।