অবশেষে সরছে ধর্মতলা বাসস্ট্যান্ড, নতুন ঠিকানা জানেন?

Dharmatala Bus Stand

সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ জল্পনার অবসান। সরে যাচ্ছে কলকাতার জনপ্রিয় এল২০ বাসস্ট্যান্ড (L20 Bus Stand)। মেট্রোর কাজের জন্য ধর্মতলা থেকে সরানো হচ্ছে ঐতিহ্যবাহী এই বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand)। পুরনো বাসস্ট্যান্ডের পরিবর্তে রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে নতুন একটি বাসস্ট্যান্ড, যা অনেক বেশি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। চলতি মাস থেকেই ধর্মতলার নতুন বাসস্ট্যান্ড সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পুরনো বাসস্ট্যান্ড, মানে এল২০ বাসস্ট্যান্ডের অদূরেই তৈরি করা হয়েছে নতুন বাস টার্মিনাস।

অবশেষে সরছে ধর্মতলা বাসস্ট্যান্ড

পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্লানেড স্টেশনের জোড়া প্রবেশপথ এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশে নতুন বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। প্রবেশ ও বাহির, দু’টি পথই রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে করা হয়েছে। নতুন পথে বাস ঢোকা ও বেরোনোর ব্যবস্থা যাতে সুগম হয়, সে ব্যাপারে প্রস্তুতি সেরে রাখছে কলকাতা পুলিশ। এখনকার এল২০ বাসস্ট্যান্ড থেকে একশটিরও বেশি সরকারী বাস ছাড়ে নিয়মিত। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (SBSTC), উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (NBSTC)-এর বাস ছাড়াও এখান থেকে পাওয়া যায় কলকাতা ট্রাম কোম্পানি (CTC), রাজ্য পরিবহন নিগম (WBTC)- এর বাস।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মিলবে না বকেয়া DA? এই পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার

পুরোনো বাসস্ট্যান্ডের তুলনায় নতুন বাসস্ট্যান্ড অনেক বেশি আধুনিক, জায়গা অনেক বেশি। পুরনো এল২০ বাসস্ট্যান্ডের পরিসর ছিল অনেকটা কম, তুলনায় বাসের সংখ্যা বেশি। সেই সমস্যা মিটতে চলেছে। নতুন বাসস্ট্যান্ড অনেকটা বেশী জায়গা জুড়ে তৈরি করেছে রেল বিকাশ নিগম। আলোর ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন বাসস্ট্যান্ডে আলোর অভাব যাতে না হয়, সে জন্য বসানো হয়েছে চারটি ১৬ মিটারের হাই মাস্ট বাতিস্তম্ভ, চারটি ৯ মিটারের বাতিস্তম্ভ ছাড়াও আরও একাধিক বাতিস্তম্ভ।

থাকবে বিশেষ কিছু সুযোগ সুবিধা

কোন বাস কখন ছাড়বে, যাত্রীরা সহজে যাতে বুঝতে পারেন সে জন্য বসানো হয়েছে একাধিক এলইডি ডিসপ্লে। আট ফুট লম্বা এবং ছ’ফুট চওড়া একটি বড় ডিসপ্লে বোর্ডের পাশাপাশি দু’টি চার ফুট দীর্ঘ, তিন ফুট চওড়া ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। যাত্রীরা সহজে যাতে বাসস্ট্যান্ড খুঁজে পান, সে জন্য বসানো হচ্ছে দুটো বড় সাইনবোর্ড।

আরও পড়ুনঃ বিয়ের মরসুমে ফের দাম কমল সোনা, রুপোর! জানুন আজকের রেট

এছাড়া, উন্নত মানের ওয়েটিং রুম তৈরি করা হয়েছে। অপেক্ষারত যাত্রীরা এবার শীততাপ নিয়ন্ত্রিত এসি ঘরে বসে বিশ্রাম নিতে পারবেন। বাসের কর্মীদের জন্যও রয়েছে পৃথক এসি চালিত বিশ্রাম কক্ষ। খবর অনুযায়ী, আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ধর্মতলার নতুন বাসস্ট্যান্ডের দরজা।

Leave a Comment