“মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।” জেল মুক্তি হতেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বিভাস অধিকারী

Bibhas Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য জুড়ে রাজনৈতিক ময়দানে এক চাপা উত্তেজনা বাড়ছে। মুখ্যমন্ত্রীর সিংহাসনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একদিকে শাসকদল উন্নয়নের পাঁচালি নিয়ে জেলায় জেলায় ঘুরছে অন্যদিকে বিজেপিও নিজের মতো করে সভা-মিছিল করছেন। এমতাবস্থায় জামিনে মুক্তি পেলেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী (Bibhas Adhikari)। এবং সংবাদমাধ্যমের সামনেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে গর্জে উঠলেন।

প্রতারণা কাণ্ডে পুত্র সহ গ্রেফতার বিভাস অধিকারী

উল্লেখ্য, গত বছর, নয়ডায় থানা প্রতারণা কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল বীরভূমের নলহাটির বাসিন্দা প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। শুধু নয়ডায় নয়, কলকাতাতেও প্রতারণার জাল ছড়িয়েছিল বলে অভিযোগ। এদিকে এই একই অভিযোগে তাঁর পুত্র অর্ঘ্য অধিকারীকেও গ্রেফতার করেছিল পুলিশ। এখানেই শেষ নয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিভাসের নামও উঠে এসেছিল। বস্তুত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর থেকে বিভাসের নাম পেয়েছিলেন তদন্তকারীরা। অবশেষে বহু বিতর্ক এবং তদন্তের পর গতকাল অর্থাৎ শুক্রবার জেল থেকে মুক্তি পেলেন বিভাস অধিকারী।

বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন বিভাস

স্থানীয় রিপোর্ট মোতাবেক, জেল থেকে জামিনে মুক্তি পেয়ে নলহাটির বাড়িতে ফিরে আসেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। আর বাড়ি ফিরে এসে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সরব হলেন। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। বিভাস অধিকারীর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কিছু করতে না পেরে বিজেপি নিজেদের শাসিত রাজ্য উত্তরপ্রদেশে মিথ্যা মামলায় আমাদের ফাঁসিয়েছে। আমি রাজনৈতিক হিংসার শিকার।” এমনকি বিজেপিতে যোগ দেওয়ার নাকি প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু সেই বার্তায় কান না দেওয়ায় এই চক্রান্ত। আর তাতেই জল্পনা বাড়ছে তবে কি পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? যদিও সেই নিয়ে স্পষ্ট কোনো মতামত মেলেনি।

আরও পড়ুন: ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, সাথে ৫০০ বিলিয়ন আমদানির ঘোষণা

প্রসঙ্গত, গ্রেফতারির দীর্ঘ ছ’মাস পর প্রতারণা মামলায় চারজন জামিনে মুক্তি পেলেও এখনও দু’জন জেলবন্দি রয়েছেন। গতকাল, সকালে নলহাটির বাড়িতে ফেরার পর বিভাস অধিকারী তাঁর প্রতিষ্ঠিত সারা ভারত আর্য মহাসভার আটকুলা চারাগাছি মোড়ের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে ফুলের মালা, পুষ্পবৃষ্টি এবং ব্যান্ড বাজনার মাধ্যমে সংবর্ধনা জানান। এই কাণ্ডের পর নির্বাচনের আগে নলহাটিতে রাজনৈতিক তৎপরতা নতুন করে তীব্র হয়েছে। যদিও বিভাসের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Leave a Comment