প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খবর আসে যে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন বাংলার সুপারস্টার তথা ‘ইন্ড্রাস্ট্রি’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এই তথ্য ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে উঠে আসে একরাশ শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা সিনেমার কাছে এ যেন এক পরম প্রাপ্তি। এবার তাই পদ্মশ্রী পাওয়ার জন্য সম্বর্ধনা জানাতে প্রসেনজিৎ এর (Prosenjit Chatterjee) বাড়ি পৌঁছে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Prosenjit Sukanta Meeting) এবং তাঁর সঙ্গে গেলেন রুদ্রনীল ঘোষ।
প্রসেনজিৎকে সম্বর্ধনা সুকান্ত মজুমদারের
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শনিবার, বালিগঞ্জে চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিয়ে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিল নানা রকমের মিষ্টি, ফুলের তোড়া এবং উত্তরীয়। সেখানে মন্ত্রীরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে সংবর্ধনা জানানোর পাশাপাশি নানারকম গল্পে মেতে উঠেছেন। তবে এইমুহুর্তে কোনো মিডিয়াকে ভিতরে প্রবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এসবের মধ্যেই রাজনৈতিক জল্পনা বেশ বাড়ছে। অনেকের ধারণা সামনে যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন তাই এখন থেকেই নিজের দলের টানার জন্য উঠে পড়ে লেগেছে সুকান্ত। যদিও সেই নিয়ে কোন তথ্যই জানা যায়নি।
Union Minister @DrSukantaBJP arrived at actor Prosenjit Chatterjee’s residence to congratulate him on receiving the Padma Shri award.#Padmashree #kolkata pic.twitter.com/r1Gt9d9QFs
— Bhaskar Basu (@bhaskar_journo) February 7, 2026
স্ক্রিনিং কমিটির বৈঠকেও সম্বর্ধনা
এর আগে ইম্পা অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠকের আগে বাংলা চলচ্চিত্র জগতের একাধিক তারকার উপস্থিতিতে বিশেষ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, বনি সেনগুপ্তসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই বৈঠকের আগে ‘পদ্মশ্রী’ প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উত্তরীয়, পুষ্পস্তবক, মিষ্টি ও বস্ত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। তুলে দিয়েছেন একটি রামলালার মূর্তি। সেই ছবি বেশ ভাইরাল হয়েছিল। অনুষ্ঠানে জিৎ ও প্রসেনজিতের সৌজন্যমূলক আলিঙ্গনও নজর কেড়েছিল নেটিজেনদের। তবে রাজনীতিবিদদের নির্বাচনের আগে এইরূপ সংবর্ধনার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। কিছুদিন আগে রঞ্জিত মল্লিকের বাড়িতেও উন্নয়নের বার্তা নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও শুরু হয়েছিল একাধিক আলোচনা।
আরও পড়ুন: ‘আমি একজন বামপন্থী, সবই প্রমাণ আছে!’ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত শমীকের বাবার
‘অমর সঙ্গী’র রোম্যান্টিক হিরো থেকে ‘অটোগ্রাফ’-এর অরুণ চট্টোপাধ্যায় কিংবা ‘জাতিস্মর’-এর কুশল হাজরা— তাঁর অভিনয়ের বৈচিত্র্য বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তাছাড়াও সম্প্রতি টলিপাড়ার গন্ডি ছাড়িয়ে তিনি বি-টাউনে পাড়ি জমিয়েছেন। সেখানেও বয়সকে তুড়ি মেরে একের পর এক সিনেমা করে চলেছেন প্রসেনজিৎ। তাই সবশেষে বলা যায়, দীর্ঘ কেরিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে রাজমুকুট নিজের জোরে অর্জন করেছেন, সেই মুকুটে এই নতুন পালক যুক্ত হওয়ায় বেশ গর্বিত পরিবার সহ পরিজনেরা। তবে এতকিছুর মধ্যে ভোটের আগে প্রসেনজিতের বাড়িতে সুকান্তর আগমন জল্পনা উস্কে দিয়েছে।