প্রীতি পোদ্দার, কলকাতা: নিবার্চনের আবহে জনসংযোগ বৃদ্ধি করতে বিজেপি যেমন একদিকে নানা জায়গায় কর্মসূচি পালন করছে, ঠিক তেমনই অন্যদিকে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। কিন্তু এরই মাঝে একের পর এক বিতর্ক উঠে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি রানাঘাটে (Ranaghat) তৃণমূল নেতার ভয়ে বাড়ি বিক্রি করে ভিন রাজ্যে চলে গেলন বৃদ্ধ দম্পতি। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হল জোর বিতর্ক।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট মোতাবেক, রানাঘাট থানার অন্তর্গত নোকারী এলাকায় নিজস্ব পাকা বাড়িতে বসবাস করতেন রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক নামের এই বৃদ্ধ দম্পতি। কিন্তু সেই বাড়ি দখল নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূলের প্রাক্তন যুব অঞ্চল সভাপতি দীপঙ্কর মোদক এবং মধু বিশ্বাস দুজনেই। অভিযোগ ওঠে প্রায় সময়ই সেই বাড়ি দখল করার জন্য বৃদ্ধকে হুমকি দিত তাঁরা। এমনকি বাদ যায়নি খুনের হুমকি। সেখানে এই বৃদ্ধ বয়সে খুনের হুমকি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে কোটি টাকার বাড়ি সামান্য কিছু টাকায় বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপালে চলে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন।
অভিযোগ অস্বীকার প্রাক্তন নেতার
প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ মণ্ডলের আত্মীয় হলেন রানাঘাটের রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক। কিন্তু অভিযোগ জানানো হলেও সেখান থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয়, পুলিশেও এই ব্যাপারে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। এদিকে বৃদ্ধ দম্পতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন যুব অঞ্চল সভাপতি দীপঙ্কর মোদক। তিনি জানান, ওই পরিবার নগদ টাকা এবং ২০ গ্রাম সোনা চুরি করেছিল তাই টাকা ফেরত দেওয়ার কারণে ওই বাড়ি বিক্রি করা হয়েছে। কোনওরকম জোরজুলুম করা হয়নি।
আরও পড়ুন: বিজেপি তৈরি করবে না ইস্তাহার, এবার চরম চমক গেরুয়া শিবিরের
প্রসঙ্গত, বৃদ্ধ দম্পতির বাড়ি বিক্রির ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার একাংশ স্থানীয়দের দাবি, এর আগেও তৃণমূলের প্রাক্তন যুব অঞ্চল সভাপতি দীপঙ্কর মোদক এবং তাঁর সঙ্গীরা কোনো কাজ হাসিল করার জন্য ভয় এবং খুন করার হুঁশিয়ারি দিয়েছিল, সেক্ষেত্রে প্রশাসন এবং পুলিশকে জানানো হলেও তাঁদের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে এই ঘটনাকে ঘিরে বিজেপির তরফে কটাক্ষের ঝড় উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে।