মুরগির মাংস খাচ্ছেন? সাবধান! ফিরে এল ভয়ানক রোগ

Bird Flu Alert mass crow deaths in Chennai

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুটিয়ে মুরগির মাংস খাচ্ছেন? একটু সাবধান হয়ে যান। ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ রোগ বার্ড ফ্লু (Bird Flu Alert)। রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইয়ের রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যাচ্ছে একের পর এক মৃত কাকের দেহ। যে ঘটনায় এবার সতর্কতা জারি করেছে তামিলনাড়ুর স্বাস্থ্য দপ্তর। সে রাজ্যের প্রশাসন একেবারে নিশ্চিত, বার্ড ফ্লুর জন্যই মৃত্যু হচ্ছে পাখিগুলির। ফলে তড়িঘড়ি শহরের পোল্ট্রি ফার্মগুলিতে কোনও মুরগি বা পাখির মৃত্যু হলে বিশেষ নিয়ম মেনে চলতে বলা হয়েছে, প্রশাসনের তরফে। প্রশাসন জানিয়েছে, বিশেষ নিয়ম মেনে মৃত পাখিগুলিকে পুড়িয়ে অথবা মাটিতে পুঁতে দিতে হবে। এদিকে চেন্নাইয়ের এমন ঘটনায় আশঙ্কা বাড়ছে বঙ্গেও।

বার্ড ফ্লু রুখতে সতর্ক সরকার

চেন্নাইয়ের রাস্তাঘাটে আচমকা এক ঝাঁক কাকের মৃত্যুর ঘটনায় বার্ড ফ্লু নিয়ে যথেষ্ট সতর্ক তামিলনাড়ুর প্রশাসন। এ নিয়ে ইতিমধ্যেই শহরবাসীকে মরা পাখি ছুঁতে নিষেধ করা হয়েছে। কোনও পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখলে স্থানীয় প্রশাসনকে দ্রুত খবর দেওয়ার কথা বলা হয়েছে। যে ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তামিলনাড়ুর পশু পালন মন্ত্রক। চিঠি গিয়েছে তামিলনাড়ুর মুখ্য সচিবের কাছেও। ভয়াবহ রোগ বার্ড ফ্লু যাতে শহরের অন্যত্র ছড়িয়ে না পড়ে সেজন্য যথেষ্ট তৎপর তামিলনাড়ুর সরকার। কেন্দ্রের তরফেও তামিলনাড়ু প্রশাসনকে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।

আশঙ্কা বাড়ছে বাংলাতেও?

হঠাৎ তামিলনাড়ুতে বার্ড ফ্লু এর খবরে শঙ্কিত বাংলার মানুষজন। আসলে বছরের বিভিন্ন সময়ে কমবেশি পশ্চিমবঙ্গের পোল্ট্রি ফার্মগুলিতে মুরগির মৃত্যুর খবর সামনে আসে। এই ভয়াবহ রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লে মৃত্যু হয় অন্যান্য পাখি গুলিরও। এই রোগ থেকে বাঁচতে বরাবর বার্ড ফ্লুর সময়টাই ক্রেতাদের মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু এতে মানুষের কতটা ক্ষতি হয়?

অবশ্যই পড়ুন: অবশেষে সরছে ধর্মতলা বাসস্ট্যান্ড, নতুন ঠিকানা জানেন?

এ নিয়ে চিকিৎসকদের বক্তব্য, H5N1 ভাইরাসের জন্যই হয় বার্ড ফ্লু। এই ভাইরাস সাধারণত পোল্ট্রি এবং কাকের মতো বন্য পাখিদের শরীরে সংক্রমণ ছড়ায়। যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের। ভাইরাসে আক্রান্ত ওই পাখিদের সংস্পর্শে এলে অন্য প্রাণীরাও সংক্রমিত হয়ে থাকে। তবে এই ভাইরাসে মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বার্ড ফ্লু মানুষের শরীরে সংক্রমিত হয়েছে এমন উদাহরণও রয়েছে। তবে এই ঘটনা খুবই বিরল। চিকিৎসক মহলের দাবি, বার্ড ফ্লুতে আক্রান্ত হলে সাধারণত নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। শারীরিক পরিস্থিতির অবনতি হয় দ্রুত। তবে বিশেষজ্ঞদের দাবি, এখনই বাংলায় বার্ড ফ্লুর বিশেষ সম্ভাবনা নেই। তবে মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে।

Leave a Comment