বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তনের আশা একেবারে ছেড়েই দিয়েছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বিশ্বকাপে যে সুযোগ পেয়েছেন সে কথা একেবারে মেনেই নিতে পারছিলেন না ভারতীয় ক্রিকেটার। হর্ষিত রানা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর বিকল্প হিসেবে সিরাজকে দলে নেওয়া হয়েছে, এটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না ভারতীয় তারকা। আমেরিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে 3টি উইকেট নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাঁস করলেন সে কথা।
বিশ্বকাপে সুযোগ পাবেন ভাবতেই পারেননি সিরাজ
দীর্ঘ 20 টা মাস পর অবশেষে ভাগ্যের জোরে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতেই আমেরিকার তিনটি উইকেট ভাঙলেন তিনি। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরাজ জানালেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন তিনি। হঠাৎ মেসেজ আসে ভারতীয় দলের ট্রেনার আদ্রিয়ান ল্যে রুর। সিরাজের কথায়, “আমাকে মেসেজ করে ট্রেনার জানতে চেয়েছিলেন তোমার কী পরিকল্পনা? আমি তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম আমাকে এখন মেসেজ করবেন না। আমি দুটো চারদিনের ম্যাচ খেলব, তাই আমার এখন বিশ্রাম দরকার। এই ম্যাচ গুলির পর দেখবো কী করা যায়।”
ট্রেনারের মেসেজের পরই নাকি অধিনায়ক সূর্য কুমারের ফোন পান সিরাজ। ভারতীয় তারকা বললেন, “সূর্য ভাই আমাকে ফোন করেছিলেন। বলেন মিয়া তৈরি হয়ে যাও আর ব্যাগ গুছিয়ে চলে এসো। আমি তাঁকে বললাম সূর্য ভাই মজা করছ কেন? এটাতো হওয়ার নয়। এরপর সূর্য ভাই বলেন আমি সত্যি বলছি। তুমি তাড়াতাড়ি মুম্বই চলে এসো তারপর কথা হচ্ছে।” জানা গিয়েছে, সূর্যের কলের পর সিরাজকে ফোন করেছিলেন অন্যতম জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝা। তিনি বুঝিয়েছিলেন সত্যিই ভারতীয় দলে ডাক পাচ্ছেন তিনি। সিরাজের বক্তব্য, “আমি বিশ্বাসই করতে পারিনি। সর্বশক্তিমান ভাগ্যে যা লিখে রেখেছেন তা তো কেউ পাল্টাতে পারবে না। এখন দেখুন দলে যোগ দিয়ে ম্যাচও খেলে ফেললাম.. ঈশ্বর করুনাময়।”
অবশ্যই পড়ুন: একাধিক নতুন স্টেশনে দাঁড়াবে দীঘা-আসানসোল এক্সপ্রেস, দেখুন তালিকা
উল্লেখ্য, ভারতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য মহম্মদ শামি। টিম ইন্ডিয়ায় এমন বহু পরিস্থিতি তৈরি হয়েছে যখন শামিকে প্রয়োজন দলের। কিন্তু তাও ভারতের এই অভিজ্ঞ পেসারকে ডাকেননি নির্বাচকরা। এবারের বিশ্বকাপে রানা বাদ পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, “কেন শামিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না?” সেই উত্তর আপাতত অধরা।