সৌভিক মুখার্জী, হলদিয়া: দলের কর্মীদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক ডেকে এনে কারখানায় টাকার বিনিময়ে কাজ করাচ্ছেন হলিদিয়ার বিধায়ক (Haldia MLA)। এমনই দাবিতে এবার বিক্ষোভে নেমেছে হলদিয়াবাসী। ঘটনাটি ঘটেছে হলদিয়ার দুর্গাচক ৮ নম্বর ওয়ার্ডের বিধায়ক তাপসী মন্ডলের বাড়িতে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, কয়েক মাস আগে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত ওই বিধায়ক তৃণমূলে যোগদান করেছিলেন। গতকাল তাঁর বাড়ির সামনেই বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা।
বাইরে থেকে টাকার বিনিময়ে কর্মী নিয়োগ!
এদিন বিক্ষোভকারীরা দাবি করে, তাপসী মন্ডল আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির চেয়ারম্যান থাকাকালীন শহরের এক কারখানায় স্থানীয় দলের কর্মীদের কোনওরকম কাজ না দিয়ে বাইরে থেকে লোক ডেকে এনে টাকার বিনিময়ে কাজ করাচ্ছেন। যে কারণে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় কর্মীরা। এই প্রতিবাদেই ওই বিধায়কের বাড়িতে তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন বিক্ষোভ দেখিয়েছে। এমনকি এ নিয়ে রাজনৈতিক জলঘোলা যে কম হচ্ছে না, তা বলার অপেক্ষা রাখে না।
এ বিষয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী কটাক্ষ করেছেন। তিনি দাবি করেন যে, “দলবদল বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলের হাঁড়ি মুছে দেওয়ার জন্যই দল ত্যাগ করেছিলেন। আমরা প্রথমেই বলেছিলাম যে বাইরে থেকে লোক ডেকে নিয়ে এসে টাকার বিনিময়ে কাজে লাগাচ্ছে। আর এখন যে দলে নাম লিখিয়েছে, সেই দলের কর্মীরাই সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আবার তারাই বিক্ষোভ দেখাচ্ছে। তাঁকে অবিলম্বে বহিষ্কার করা হোক।”
আরও পড়ুন: কোন ক্ষেত্রে বসবাসের প্রমাণপত্রকে বৈধ হিসাবে ধরা হবে? স্পষ্ট করল নির্বাচন কমিশন
এমনকি সিআইটিইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, “বিভিন্ন দলে মধু খেয়ে এখন শাসক দলে নাম লিখিয়ে চুরি ছ্যাঁচড়ামি করছে। আমি বারবার বলেছিলাম, দলবদল বিধায়ককে তৃণমূল কর্মী সমর্থকরা ঝান্ডা নিয়ে তাড়াবে। হলদিয়ার এই কারখানায় শ্রমিক নিয়োগ হয়েছে বাইরে থেকে লোক নিয়ে এসে। তাও অর্থের বিনিময়ে। আমাদের স্পষ্ট দাবি, হলদিয়ার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের আগে কাজ দিতে হবে। তারপরে বাইরের লোক সুযোগ পাবে। নাহলে শাসকদলের কর্মীরা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ থামাবে না। এমনকি দল থেকে তাঁকে বহিষ্কারের দাবিও উঠবে।”