সহেলি মিত্র, কলকাতাঃ বাস কিংবা মেট্রোর পাশাপাশি হাওড়া-কলকাতা সংযোগের অন্যতম মাধ্যম জলপথ (Kolkata Ferry Service)। ফেরিসার্ভিসের মাধ্যমে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। হুগলী নদীর উপর কলকাতা ও হাওড়া জুড়ে রয়েছে বহু ঘাট। যার মধ্যে হাওড়া ফেরিঘাট, আহিরীটোলা, চাঁদপাল, বাগবাজার, হাওড়ার গোলাবাড়ি ফেরিঘাট বেশ জনপ্রিয়। এদিকে সকলের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও ভালো করতে এখন আধুনিকীকরণ করা হবে কলকাতা ও হাওড়ার বেশ কিছু জনপ্রিয় ফেরি ঘাট।
ঢেলে সাজানো হবে কলকাতা ও হাওড়ার বহু জনপ্রিয় ফেরি ঘাট
সময়ের সাধারণ মানুষের মধ্যে ফেরি পরিষেবার চাহিদা বাড়লেও, সেই অর্থে উন্নত হয়নি পরিষেবা। চাহিদা বেশি থাকে অফিস টাইমে ও উৎসবের সময়। আগামী দিনে, ফেরি পরিষেবার ওপর সাধারণ মানুষের ভরসা আরো বাড়তে পারে বলে অনুমান। লঞ্চ বা স্টিমারের মাধ্যমে কম সময়ে ও কম খরচে নদীর এপার থেকে ওপারে যাতায়াত করার সুবিধা জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ। আগামী দিনের কথা মাথায় রেখে, সড়ক পরিবহন ব্যবস্থার মতো, জল পরিবহন ব্যবস্থাকেও এবার ঢেলে সাজাতে চলেছে রাজ্য সরকার।
আধুনিকীকরণ করা হবে কলকাতা ও হাওড়ার বেশ কিছু জনপ্রিয় ফেরি ঘাট। রিপোর্ট অনুযায়ী, বাগবাজার ঘাট, শোভাবাজার ঘাট, আহিরিটোলা, গোলাবাড়ি, আর্মেনিয়ান, ফেয়ারলি, চাঁদপাল ফেরিঘাট উন্নত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ হবে কয়েক কোটি টাকা। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার, আবেদন প্রক্রিয়ায় বড়সড় বদল
শুধু মাত্র হাওড়া ফেরি টার্মিনাল নতুন রূপে সাজিয়ে তোলার জন্যই খরচ হতে পারে ৮৯ কোটি টাকা। আধুনিক বাস কিংবা রেল স্টেশনের মতো, হাওড়া ফেরি টার্মিনালেও বসানো হবে এলইডি ডিসপ্লে, যার মাধ্যমে যাত্রীরা বুঝতে পারবেন কখন, কোন রুটের স্টিমার ছাড়বে। টার্মিনাল ভবনটিকেও নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভেসেলে ওঠানামার জন্য তৈরি করা হবে তিনটে নতুন পনটুন। যাত্রীদের সুবিধার্থে ভবনের ভিতরে বসানো হবে এসি। এছাড়াও থাকবে আধুনিক প্রযুক্তি।
আর কী থাকবে হাওড়া ফেরি টার্মিনালে?
১. সৌর শক্তি ব্যবহার করার জন্য বসবে সোলার প্যানেল।
২. আইপি বেস ভিডিয়ো সার্ভিল্যান্স সিস্টেম
৩. ফেরি সংক্রান্ত তথ্য প্রদানের জন্য থাকবে এলইডি ডিসপ্লে বোর্ড
৪. ওয়াইফাই ডাটা কানেক্টিভিটি
৫. ইন্টিগ্রেটেড অটোমেটেড ফেয়ার কালেকশন গেট
৬. রিয়েল টাইম প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম
৭. ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম
৮. ২৪ ঘণ্টা জলের জোগান
৯. ভূমিক্ষয় রোধের ব্যবস্থা
১০. ফায়ার ডিটেকশন, আধুনিক অগ্নি–নির্বাপণ ব্যবস্থা সহ আরো অনেক কিছু।
১১. এসি ওয়েটিং রুম
আরও পড়ুনঃ বুমরাহর পর অসুস্থ টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার, বাদ পড়বে বিশ্বকাপ থেকে?
এই নতুন উদ্যোগ সম্পর্কে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, “হাওড়া–সহ হুগলি নদী জলপথে যে সব ফেরিঘাট রয়েছে, সেগুলোকে আরও আধুনিক করা হচ্ছে। ফলে আগামী দিনে জলপথে আরও নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এতে সড়ক পথের উপরে চাপ কমবে।”