সহেলি মিত্র, কলকাতাঃ শীত ফের জাঁকিয়ে পড়েছে বাংলায়। কলকাতা সহ বাংলার বহু জেলার মানুষ ফিরে আসা শীতের জেরে কাবু হয়ে পড়েছেন। আলমারি থেকে ফের একবার বেরিয়ে পড়েছে মোটা জ্যাকেট, লেপ কম্বল। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১-২ দিনে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বর্তমানের মতোই থাকবে। অর্থাৎ ঠান্ডা থাকবে। তবে তারপর থেকে ফের আবহাওয়া বদল হবে বাংলার। বাড়বে পারদ, দোসর হবে পশ্চিমী ঝঞ্ঝা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ সোমবার অতিরিক্ত ঠান্ডার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, হাওড়া জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে থাকবে। আজ ভোর থেকেই কিন্তু জেলায় জেলায় হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কম থাকবে। এর পাশাপাশি কলকাতায় হালকা শীতের আবহাওয়া অনুভূত হবে। তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর।
জানা গিয়েছে, আগামী ১২ই ফেব্রুয়ারি পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে তুলনায় ২-৩ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস ও দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩০-৩৩ ডিগ্রি সেলসিয়াস অবধি। অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই শীতের পোশাকগুলো তুলে রাখার সময় হয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে। সকালে কিছু জায়গায় দৃশ্যমানতা ১,০০০ মিটারের নিচে নেমে যেতে পারে। এছাড়াও রোদ বৃষ্টির খেলা চলবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। রয়েছে শৈতপ্রবাহের সতর্কতা।