সহেলি মিত্র, কলকাতাঃ আর কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। তবে তার আগে সুপ্রিম কোর্টের তরফে বকেয়া ডিএ নিয়ে রায়দান, পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) গঠন করার ঘোষণার জেরে খুশির মুডে রয়েছেন সরকারি কর্মীরা। একগুচ্ছ নতুন ঘোষণার জেরে একপ্রকার সপ্তম আকাশে রয়েছেন বাংলার কয়েক লক্ষ সরকারি কর্মী। এদিকে এখন ভোটের আগে সরকারি কর্মীদের বেতন কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। আপনিও যদি বাংলার সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
ভোটের আগে বেতন বাড়বে তিনগুণ?
এমনিতে প্রায় ২০ লক্ষ সরকারি কর্মচারীকে স্বস্তি দিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের মহার্ঘ্য ভাতা (ডিএ) প্রদানের নির্দেশ দিয়েছে। আদালতের দাবি, এটা সকলের ন্যায্য অধিকার। অপরদিকে রাজ্য বাজেটে আবার সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে এখন সকলে ২২% হারে মহার্ঘ্য ভাতা পাবেন। এরই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত স্বাধীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত ৫ ফেব্রুয়ারি সপ্তম বেতন পে কমিশনের ঘোষণা করে। আর নতুন পে কমিশনে যে বেতন সহ একগুচ্ছ ভাতার টাকা বাড়বে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদিও লাখ টাকার প্রশ্ন হল, বেতন থেকে শুরু করে অন্যান্য ভাতার টাকা কবে এবং কত টাকা অবধি বাড়বে? বিধানসভা ভোটের আগে কি বাড়বে? চলুন জেনে নেওয়া যাক।
বেতন কাঠামোয় বড় বদল
নতুন বেতন কমিশনের সবথেকে উল্লেখযোগ্য দিকটি হল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নির্ধারণের পরিকল্পনা। বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে রাজ্য সরকার ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে বলে মনে করছেন কর্মী সংগঠন ও নীতি বিশেষজ্ঞরা। যদি এই হারে বেতন সংশোধন করা হয়, তবে কর্মচারীদের ইন হ্যান্ড বেতন এক ধাক্কায় তিনগুণ অবধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি হিসেব দেখে নিন।
বর্তমান বেসিক পে: ১৮,০০০ টাকা
২.৯১ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক: ৫২,৩৮০ টাকা
৩.১৫ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক: ৫৬,৭০০ টাকা
শুধুমাত্র বেসিক পে নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতার (DA) পরিমাণও।