ট্রেনে প্যান্ট্রি না থাকলেও খাবার পৌঁছে যাবে সিটে, বিশেষ পরিষেবা চালু করল IRCTC

Know about IRCTC E-Pantry Service

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে যাত্রীদের সুখবর শুনিয়ে চলেছে ভারতীয় রেল। 2026 পড়তে না পড়তেই দেশের একাধিক রুটে চালু হয়েছে নতুন ট্রেন। শুরু হয়েছে বিশেষ পরিষেবা। ফেব্রুয়ারিতেও সেই ধারা বজায় রাখছে ভারতীয় রেলওয়ে। এবার কাজটা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা IRCTC র হাত ধরে (IRCTC E-Pantry Service)। জানা যাচ্ছে, যাত্রীদের ক্ষুধা নিবারণ করতে এবার 25টি মেল এবং এক্সপ্রেস ট্রেনে ই-প্যান্ট্রি পরিষেবা চালু করল IRCTC। এর মাধ্যমে অনলাইনে খাবার এবং জল প্রি বুক করতে পারবেন যাত্রীরা। পরবর্তীতে সেই সব খাবার এবং জলের বোতল পৌঁছে যাবে যাত্রীদের বার্থ অর্থাৎ সিটে।

কোন কোন ট্রেনে মিলবে এই বিশেষ পরিষেবা?

রেল সূত্রে খবর, ভারতীয় রেলের তালিকাভুক্ত এমন 25টি ট্রেনে এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে যেগুলিতে প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই। এক কথায়, যেসব ট্রেনে খাবারের ব্যবস্থা নেই সেই ট্রেনগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে IRCTC র ই-প্যান্ট্রি পরিষেবা। বলাই বাহুল্য, ভারতীয় রেলের সিদ্ধান্তে ইতিমধ্যেই একাধিক মেল এবং এক্সপ্রেস ট্রেনে শুরু হয়ে গিয়েছে বিশেষ পরিষেবাটি। বলে রাখি, ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন গুলির মধ্যে অন্যতম ট্রেন 22503/22504 বিবেক এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ই-প্যান্ট্রি। ট্রেনটিতে যাত্রীদের দুর্দান্ত সাড়া পাওয়ার পর এবার 25টি মেল এবং এক্সপ্রেস ট্রেন শুরু করা হয়েছে এই পরিষেবাটি।

IRCTC র ই-প্যান্ট্রি পরিষেবাটি ইতিমধ্যেই চালু হয়েছে কর্ণাটক সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, মঙ্গলা দ্বীপ এক্সপ্রেস, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস, পশ্চিম এক্সপ্রেস, স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস, কালিঙ্গা উৎকল এক্সপ্রেস, পুষ্পক এক্সপ্রেস, নেত্রাবতী এক্সপ্রেস, গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস, মালবা এক্সপ্রেস, আহমেদাবাদ-বরৌনি এক্সপ্রেস, লিচ্ছবি এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস সহ মোট 25টি ট্রেনে।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের সাথে খেলবে পাকিস্তান, কোন মন্ত্রে কাজ হল?

কীভাবে পাবেন ই-প্যান্ট্রি পরিষেবার সুবিধা?

ভারতীয় রেলের তালিকাভুক্ত নন প্যান্ট্রি কার এক্সপ্রেস বা মেল ট্রেনে ভ্রমণ করার আগে IRCTC র টিকিট বুকিং ওয়েবসাইট বা অ্যাপ থেকে কনফার্ম বা RAC কিংবা আংশিক কনফার্ম টিকিট বুক করার সময় বা বুক করার পরে যাত্রীরা টিকিট হিস্ট্রি সেকশন থেকে স্ট্যান্ডার্ড মিল এবং জলের জন্য রেল নীর প্যাকেজিং ওয়াটার প্রি অর্ডার করে নিতে পারবেন। অর্ডারের পর SMS বা ইমেইলের মাধ্যমে কনফার্ম মেসেজ এবং মিল ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ভ্রমণের দিন ট্রেনে উঠে ট্রেন ভেন্ডারকে MVC বা মিল ভেরিফিকেশন কোডটি দেখালে খাবার পৌঁছে যাবে যাত্রীর সিটে।

Leave a Comment