প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে (West Bengal Election 2026) গত জানুয়ারির শেষে রাজ্য পুলিশের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল স্তর পর্যন্ত ব্যাপক রদবদল করেছে নবান্ন৷ দায়িত্ব নিয়েছেন নতুন ডিজিপি৷ কলকাতা পুলিশের কমিশনার পদেও বদল করা হয়েছে৷ পাশাপাশি একাধিক কমিশনারেটের কমিশনার পদে রদবদল করেছে৷ এবার এই ধরনের রদবদল নিয়ে রাজ্য সরকারকে চিঠি লিখল নির্বাচন কমিশন৷ পুলিশের বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার রিপোর্ট চাইল তাঁরা। শুধু তাই নয়, এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরকে চিঠিও দেওয়া হয়েছে CEO-র তরফে।
কমিশনের সঙ্গে বৈঠক আগরওয়ালের
গত ৬ ফেব্রুয়ারি রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সই করা একটি চিঠি পাঠানো হয় রাজ্য সরকারকে৷ সেখানে জানানো হয়েছে যে নির্বাচনী কাজে যে সমস্ত পুলিশ আধিকারিকরা যুক্ত থাকবেন, তাঁদের রদবদলের বিষয়টি দ্রুত সেরে ফেলতে হবে৷ এবং কত তারিখের মধ্যে এই রদবদল সেরে ফেলতে হবে, তাই নির্বাচন কমিশনের তরফে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের বদলি এবং পোস্টিং সংক্রান্ত কাজ সেরে ফেলতে হবে। তার পর সেই সংক্রান্ত একটি রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনের কাছে৷ আর এই নির্দেশিকার মাঝেই আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
বৈঠকে উঠে আসবে বাংলায় নির্বাচন সংক্রান্ত তথ্য
রিপোর্ট মোতাবেক, এসআইআর নিয়ে মামলার শুনানিতে সোমবার একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু, এদিন ১৪ ফেব্রুয়ারির পর সাত দিন স্ক্রুটিনির জন্য সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব নয়। ২১ তারিখ পর্যন্ত স্ক্রুটিনির সময় দিয়েছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে ২১ ফেব্রুয়ারির পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব বেশ বোঝা যাচ্ছে। কিন্তু, এখনো ঠিক হয়নি চূড়ান্ত তারিখ। এমন পরিস্থিতিতে নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আশঙ্কা করা হচ্ছে বৈঠকে বাংলায় নির্বাচন নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: ১২ তারিখেই উচ্চ মাধ্যমিক, তার আগেই বড় সিদ্ধান্ত সংসদের!
রাজ্য পুলিশ প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের প্রায় সিংহভাগ বদলির কাজ শেষ। তবে পূর্ব মেদিনীপুর জেলার এসপি পদ এখনও ফাঁকা। তেমনিই কলকাতা পুলিশের ডিসি (এসইডি) সহ কয়েকটি পদে রদবদল বাকি। বিধানসভার অধিবেশনের পাশাপাশি মুখ্যমন্ত্রী SIR মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় এই রদবদল করা যায়নি। চলতি সপ্তাহেই এই বাকি রদবদল সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনকে এক দফায় বাংলায় ভোট করানোর প্রস্তাব দিয়েছে CEO দপ্তর। জানা গিয়েছে, তা নিয়েই আজ হয়ত কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মনোজ আগরওয়ালের আলোচনা হতে পারে।