মিলবে 1500 করে , এপ্রিল থেকেই চালু যুব সাথী প্রকল্প.. ঘোষণা মমতার

Yuva Sathi Scheme

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে সময় খুবই কম তাই এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। জনসংযোগ বৃদ্ধিতে এবং জনগণের সুবিধার্থে একের পর এক কর্মসূচি প্রকল্প চালু করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও কর্মসূচি করছে জেলায় জেলায়। এই অবস্থায় সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয় রাজ্যের বেকার যুবকদের জন্য নিয়ে আসা হয়েছে যুব সাথী প্রকল্প (Yuva Sathi Scheme)।

বাজেটে বেকারদের নয়া প্রকল্প

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময়ে ‘বাংলার যুব-সাথী’ নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সি বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে দেবে বলে জানিয়েছে রাজ্য সরকার। আগামী 5 বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে এবং এর জন্য বরাদ্দ হয়েছে 5000 কোটি টাকা। অন্তবর্তী বাজেটে জানান হয়েছিল 15 অগাস্ট থেকে এই প্রকল্পটি চালু করা হবে। কিন্তু এবার সেই প্রকল্প চালু করা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

এপ্রিল থেকেই দেওয়া হবে টাকা

মমতা বন্দ্যোপাধ্যায় আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান যে, “বাজেট হয়ে গিয়েছে। বাজেটে ঘোষণা করা হয়েছিল নতুন প্রকল্প বাংলার যুব সাথীর কথা। আগে বলা হয়েছিল 15 অগস্ট থেকে এই যুবসাথী ভাতা প্রকল্প শুরু হবে। তবে আমি 1 এপ্রিল থেকেই শুরু করছি। কারণ, নতুন অর্থবর্ষ ওই দিন থেকেই শুরু।” তিনি আরও জানান, “মাধ্যমিক পাশ করা তরুণের পাবেন যুবসাথীর সুবিধা। 21 থেকে 40 বছর পর্যন্ত এই ভাতা পাবেন।মাসে মাসে 1500 টাকা করে ভাতা পাবেন তাঁরা। সেক্ষেত্রে ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড বৃত্তি পেলে এই ভাতা পেতে পারবেন। যত দিন চাকরি না পাচ্ছেন, তত দিন তাঁরা ভাতা পাবেন। ”

আরও পড়ুন: ফের মণিপুরে অশান্তি, জারি হল কারফিউ, ৫ দিন বন্ধ ইন্টারনেট

আবেদনের পদ্ধতি

বাংলার যুব সাথী প্রকল্পের ক্ষেত্রে অনেকের কাছে আবেদন প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠেছিল, তাই সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আবেদন জমা নিতে হবে ভাতা দিতে গেলে। কাগজে বিজ্ঞাপন দেব। দুয়ারে সরকারের মত 294টি বিধানসভা কেন্দ্রে 294টি শিবির তৈরি করব। প্রত্যেক শিবিরে তিনটি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে শিবির। তবে ছুটির দিনে চলবে না শিবির। যাঁরা আবেদন জমা করবেন, তাঁরা রসিদ পাবেন। আবেদন ডিজিটাইজও করা হবে। এরপর এপ্রিল থেকে মিলবে টাকা।”

Leave a Comment