সহেলি মিত্র, কলকাতাঃ EPFO সদস্যদের পোয়া বারো হতে চলেছে। সেইদিন আর বেশি দূরে নয় যখন খুব সহজেই UPI-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা সম্ভব হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের এপ্রিলে চালু হওয়া একটি নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে তারা UPI পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের PF-এর টাকা তুলতে পারবেন।
কবে চালু হচ্ছে EPFO-র নতুন অ্যাপ?
জানা গিয়েছে, বর্তমানে, সদস্যরা তাদের EPF অ্যাকাউন্ট এবং পরিষেবাগুলি অ্যাক্সেস করতে UAN পোর্টাল বা Umang অ্যাপ ব্যবহার করেন। এই পরিষেবাগুলি উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ থাকবে, তবে নতুন অ্যাপটি EPFO সদস্যদের পরিষেবার অ্যাক্সেস এবং সরবরাহ উন্নত করবে। এই প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শ্রম মন্ত্রক এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে ইপিএফ ফান্ডের একটি অংশ সুরক্ষিত থাকবে, বাকি টালা ইউপিআই-এর মাধ্যমে তোলার জন্য উপলব্ধ থাকবে।
কর্মকর্তা আরও বলেন যে, একটি নতুন ইপিএফও মোবাইল অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে সদস্যরা ইউপিআই গেটওয়ের মাধ্যমে টাকা তুলতে পারবেন এবং তাদের পাসবুক ব্যালেন্স চেক করার মতো অন্যান্য ফিচারেরও সাহায্য নিতে পারবেন। সূত্রের খবর, সদস্যরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য উপলব্ধ EPF ব্যালেন্স দেখতে পারবেন। লেনদেন সম্পন্ন করার জন্য তাদের UPI পিন ব্যবহার করার অনুমতি দেওয়া হবে, যা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তহবিলের নিরাপদ ট্রান্সফার নিশ্চিত করবে। EPFO বর্তমানে এই পরিষেবাটি পরীক্ষা করছে। শ্রম মন্ত্রক এই বছরের এপ্রিলে বৃহৎ পরিসরে অ্যাপটি চালু করবে বলে আশা করা হচ্ছে।
কত টাকা তুলতে পারবেন একসঙ্গে?
এখন প্রশ্ন হচ্ছে, একসঙ্গে সদস্যরা কত টাকা অবধি তুলতে পারবেন? শ্রম মন্ত্রকের এই প্রকল্পের অধীনে, তহবিল দুটি ভাগে ভাগ করা হবে। কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে ইপিএফের একটি অংশ “লক-ইন” থাকবে এবং অবসর গ্রহণের জন্য সংরক্ষণ করা হবে। বাকি অংশ, যা তোলার যোগ্য, ইউপিআই-এর মাধ্যমে তোলার জন্য উপলব্ধ থাকবে।