বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, যুব ফুটবলে ক্ষমতাশালী হয়ে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার (Kolkata New Football Team)। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট ফুটবল লিগে কলকাতার তাবড় তাবড় ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এমনকি মহামেডানকে পেছনে ফেলে কলকাতা রাউন্ডের টেবিলে শীর্ষস্থান দখল করেছে শহরের নতুন দল ডায়মন্ড হারবার। সেই সাথে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করল বাংলার এই দল। 22 ফেব্রুয়ারি শিলংয়ে পরবর্তী ম্যাচ খেলবে তারা।
যুব ফুটবল লিগে বলে বলে ময়দান প্রধানদের টক্কর দিয়েছে ডায়মন্ড হারবার
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট ফুটবল লিগে অংশ নেয় 54 ক্লাবের যুবদল। 9টি বাছাই পর্ব থেকে মোট 24টি টিম উঠে আসে জোনাল পর্বে। সেখান থেকে 12টি দল পৌঁছয় জাতীয় পর্বে। সেখান থেকে চারটি দল লড়াই করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। বলাই বাহুল্য, গত সিজনে ক্ষমতা দেখিয়ে চ্যাম্পিয়নশিপের সেরা হয়েছিল মোহনবাগান। তবে এবার তাদের পেছনে রেখেই চ্যাম্পিয়নশিপের বড় দাবিদার হয়ে উঠল শহরের নতুন দল ডায়মন্ড হারবার।
এই দলই 6 টিমের কলকাতা রাউন্ড জোনালে শীর্ষস্থানের লড়াইয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার ইস্টবেঙ্গলকে 1-0 করে জয় তুলেছিল। গোল করেছিলেন রোহিত সিং। আর এই সাফল্যের পরই পয়েন্ট তালিকায় 13 পয়েন্ট জুগিয়ে শীর্ষে জায়গা করে নেয় ডায়মন্ড হারবার। এদিকে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান রয়েছে তৃতীয় স্থানে। তালিকার প্রথম তিন টিম খেলতে চলেছে জাতীয় পর্যায়ে।
অবশ্যই পড়ুন: বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ! এবার কি বিশ্বকাপে সুযোগ পাবেন মুস্তাফিজরা?
কোচ অভিষেক দাসের ডায়মন্ড হারবারের যুব দলে রয়েছেন একাধিক বাঙালি ফুটবলার। ম্যানেজমেন্ট মনে করে, বাংলার সেই সব দাপুটে ফুটবলারের জোরেই ইস্টবেঙ্গলকে হারিয়ে শীর্ষস্থান দখল করতে পেরেছে তারা। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে ডায়মন্ড হারবারে এমন কিছু ফুটবলারও রয়েছেন যাঁরা এর আগে কোনও দিনই ময়দানে খেলেননি। সবমিলিয়ে, অভিজ্ঞ-অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েই সিনিয়র দলের দেখাদেখি জুনিয়র টিমও সাফল্যের সিঁড়িতে একে একে পা রাখছে।