প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা! তোলা হল ‘গো ব্যাক’ স্লোগান

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর সিংহাসন টার্গেট করে একাধিক জায়গায় কর্মসূচি করে চলেছে বিজেপিরা। শুধু তাই নয় দলীয় কর্মীদের ভোট পরামর্শ দিয়ে দিল্লি থেকে বারংবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই বোঝাই যাচ্ছে রাজনৈতিক পারদ বেশ গরম এমতাবস্থায় ভোটপ্রচারে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল (Asansol) দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তুমুল উত্তেজনা এলাকা জুড়ে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার, সকালে জনসংযোগের জন্য আসানসোল দক্ষিণের নিউ এগারা এলাকায় যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। বাড়ি বাড়ি গিয়ে সদস্যদের সঙ্গে জনসংযোগ সাড়ছিলেন তিনি। সেই সময় আচমকা স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয় পাল্টা জয় বাংলা স্লোগানও তোলেন তাঁরা। বিধায়কের সঙ্গে থাকা দলীয় কর্মীরা এর প্রতিবাদ করার সময় স্থানীয়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দু’পক্ষই শুরু হয় চরম গালিগালাজ। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে।

কী বলছেন বিধায়ক অগ্নিমিত্রা?

বুধবার, আসানসোল দক্ষিণের নিউ এগারা এলাকায় এরূপ বিক্ষুব্ধ পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়। পুরো ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে দোষ দেন তিনি। বিধায়ক বলেন, “ তৃণমূল নিজে কাজ করবে না। কাউকে কাজ করতেও দেবে না। যেখানেই যাচ্ছি, সেখানেই বাধা দেওয়া হচ্ছে। ওদের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসানসোল দক্ষিণের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, তৃণমূলের সমস্যা হচ্ছে। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের বাড়ি যাবে। দেখব তৃণমূল কীভাবে আমাকে আটকায়। সকলকে বোঝাব ১৫ বছরে কী হয়েছে।” যদিও বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই।

আরও পড়ুন: ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলির জন্য বরাদ্দ ১২০১ কোটি টাকা, যাত্রীদের সুখবর দিলেন রেলমন্ত্রী

উল্লেখ্য, এর আগে বিধানসভা নির্বাচনের জেরে জনসংযোগের কাজে আসানসোল দক্ষিনের টিরাট, নিমচা এলাকাতেও গিয়েছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু সেখানেও জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। যদিও সেখানকার বাসিন্দারা একই অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। সেখানেও বিক্ষোভকারীদের তৃণমূল বলে দাবি করলেও বিক্ষোভকারীরা নিজেরা দাবি করছেন, তাঁরা কোনও দলের সঙ্গে যুক্ত নন। আর এবার নিউ এগরা এলাকায় সেই একই বিক্ষোভের মুখে পড়লেন তিনি।

Leave a Comment