বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে পাকিস্তানের টুটি চেপে ধরেছিল ভারতীয় বায়ুসেনা! গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক পাক জঙ্গি ঘাঁটি (Indian Air Force)। এবার সেই সাফল্যকেই জনসমক্ষে তুলে ধরবে ইন্ডিয়ান এয়ারফোর্স। আগামী 27 ফেব্রুয়ারি রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হতে যাওয়া এক্সারসাইজ বায়ুশক্তি অর্থাৎ ভারতীয় বায়ু সেনার মহড়ায় দেশের সাফল্য এবং গৌরবকে মেলে ধরবে বায়ুসেনার গর্ব সুখোই-30, তেজস থেকে শুরু করে মিগ 21 এর মতো যুদ্ধবিমান।
ভারতীয় যুদ্ধবিমানের ক্ষমতা দেখেছিল পাকিস্তান
গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন টানা চার দিন ধরে পাকিস্তানকে একেবারে উচিত শিক্ষা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। একটা সময় গিয়ে গোটা আকাশের দখল নিয়ে ফেলেছিল তারা। তাতে শেষ পর্যন্ত চাপে পড়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। সে কথা ইতিমধ্যেই জানানো হয়েছে সুইজারল্যান্ডের এক সামরিক গবেষণা সংস্থার রিপোর্টে। সিঁদুর অভিযানে ভারতীয় বায়ুসেনার সেই সাফল্য এবার তুলে ধরবে দেশের গর্বের সব যুদ্ধবিমান।
আকাশে নিজেদের দাপট বজায় রেখে বলে বলে কীভাবে পাকিস্তানকে জব্দ করা হয়েছিল তার একটা আভাস মিলেছিল সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির কুচকাওয়াজে। এবার ভারতীয় বায়ুসেনার সেই সব গৌরব গাঁথা অর্থাৎ সাফল্যকে আরও স্পষ্টভাবে মহড়ায় তুলে ধরবে দেশের যুদ্ধবিমানগুলি। বলাই বাহুল্য, সাম্প্রতিককালে ভবিষ্যৎ যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান দিয়ে নিজেদের অস্ত্রাগার ভরছে ভারতীয় আকাশবাহিনী।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে সিমেন্টের কারখানায় অনুশীলন করছে পাক দল! ভিডিও ভাইরাল হতেই লজ্জায় পাকিস্তান
উল্লেখ্য, 2025 সালের 22 এপ্রিল। দিনটা ভারতের ইতিহাসের পাতায় কালো কালিতে লেখা থাকবে। এদিনই দেশের ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল 26 জন নিরীহের। মুছে গিয়েছিল বহু নারীর সিঁথির সিঁদুর। পরবর্তীতে 7 মে ভোরে পাকিস্তানের বুকে প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। হামলা চালানো হয় পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ এবং লস্কর ই তইবার একাধিক ঘাঁটিতে। তাতে মৃত্যু হয় শতাধিক জঙ্গির।