সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের পোয়া বারো। এবার কলকাতা (Kolkata) শহরের বুকে ছুটবে একসঙ্গে ২৫টি CNG বাস। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। গরমের হাত থেকে বাঁচতে নতুন বছরে নিত্য বাস যাত্রীদের এই দারুণ উপহার দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
কলকাতায় ছুটবে ২৫টি CNG বাস
গরমকালে নন এসি বাসে ভ্রমণ করা কতটা কষ্টকর সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইঞ্জিনের গরম হাওয়া শরীরকে আরও দুর্বল করে দেয় যেন। তখন সবাইকে অপেক্ষা করতে হয় একটু এসি বাসের জন্য। তবে আর চিন্তা নেই, কারণ এখন শোনা যাচ্ছে, শহরজুড়ে ছুটবে একগুচ্ছ সিএনজি চালিত বাস। অর্থাৎ পরিবেশ দূষণও হবে না, সঙ্গে আর তেমন গরমও লাগবে না। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি সমীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু এই বাস চলার অপেক্ষা। বাসগুলি হাওড়া, কলকাতা, বারাসাত সহ বহু রুটে চলবে বলে প্রাথমিক সূত্রে খবর।
কোন কোন রুটে ছুটবে নতুন CNG বাস ?
বেলগাছিইয়া-নিউ টাউনের ইকো স্পেস, পার্ক সার্কাস-ডানকুনি, কুঁদঘাট-বারাসত, জোকা-বারাসত, টালিগঞ্জ-হাবরা, কলকাতা বিমানবন্দর-বারাসত, সেক্টর ফাইভ-যাদবপুর, শিয়ালদা-হাওড়া, হাওড়া-ব্যারাকপুর, হাওড়া-বারুইপুর, সল্টলেক-বারুইপুর এবং হাওড়া-ডায়মন্ড হারবার রুটে ছুটবে এসি বাসগুলি।
জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ (WB Transport Department) নিগমের অধীনে বিভিন্ন সরকারি ডিপোয় রয়েছে ৮০টি ইলেকট্রিক বাস। এই বাসগুলি ৯ মিটার ও ১২ মিটার দৈর্ঘ্যের, এবং প্রতিটির দাম ৯৫ লক্ষ থেকে ১.৩০ কোটি টাকা। বাস নির্মাণকারী সংস্থার দাবি ছিল, সম্পূর্ণ চার্জে বাসগুলি ১০০–১১০ কিমি পর্যন্ত চলতে পারে এবং অন্তত ১২ বছর যাত্রী পরিবহণে সক্ষম। তবে এখন দেখা যাচ্ছে, খুব অল্প সময়েই ব্যাটারির ক্ষমতা কমে গিয়ে মাইলেজ নেমে এসেছে ৭০–৮০ কিমিতে। এর সঙ্গে রয়েছে রক্ষণাবেক্ষণ খরচ এবং যন্ত্রাংশের অভাবজনিত সমস্যা বৃদ্ধি পাওয়া। প্রতিটি ই-বাসে রয়েছে তিনটি করে ব্যাটারি, যার এক-একটির দাম প্রায় ১৮ লক্ষ টাকা। ব্যাটারি দুর্বল হলে বাস কার্যত অচল হয়ে যাচ্ছে। যাইহোক আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।