বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা। জানা যাচ্ছে, বাংলার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই নতুন বন্দে ভারত (Vande Bharat Express) চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। ইতিমধ্যেই সে কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপাতত যা খবর, সাপ্তাহিক ভিত্তিতে এই ট্রেনটি চলবে পুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার রুটে। এই বিশেষ পরিষেবার দৌলতে বাংলা এবং দিল্লির মধ্যে পর্যটন থেকে শুরু করে শিল্প, ব্যবসা, চিকিৎসা সহ অন্যান্য ক্ষেত্রে সংযোগ দৃঢ় হবে।
বিজেপি সাংসদদের পদক্ষেপেই মিলল সুখবর
জানা গিয়েছে, বাংলার মানুষের কথা ভেবে পুরুলিয়া থেকে আনন্দ বিহার রুটে একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শোনা যাচ্ছে এবার তাঁর চিঠিতেই পুরুলিয়া থেকে দিল্লি আনন্দ বিহার রুটে নতুন বন্দে ভারত পরিষেবা চালু করার অনুমোদন দিয়েছেন রেল মন্ত্রী। প্রকাশ্যে এসেছে রেলমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি।
প্রকাশিত ওই চিঠিতে রেলমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন একটি নতুন সাপ্তাহিক বন্দে ভারত এক্সপ্রেস চালু করার দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবিকে মান্যতা দিয়েই চালু করা হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। এই পরিষেবা শুরু হলে বাংলা এবং দিল্লির মধ্যে যাতায়াতের পথ অনেকটাই সহজ হবে। কষ্ট কমবে যাত্রীদেরও।
অবশ্যই পড়ুন: ম্যাচের আগেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নামিবিয়ার অধিনায়কের!
উল্লেখ্য, বাংলায় পরপর দুটি নতুন বন্দে ভারত চালু করলেও ইতিমধ্যেই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দিয়েছে ভারতীয় রেল। রেলমন্ত্রক সূত্রে খবর, উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি বন্দে ভারত এবং উদয়পুর সিটি থেকে জয়পুর সিটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুই ট্রেনের পরিষেবা যথাক্রমে 15 এবং 14 ফেব্রুয়ারি থেকে আর পাওয়া যাবে না। যদিও এরই মধ্যে রাজস্থান এবং গুজরাতের মধ্যে উদয়পুর সিটি থেকে আসারওয়ার রুটে নতুন বন্দে ভারত চালু করছে রেল। তাছাড়াও আগামীতে দেশের বিভিন্ন রুটে নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা চলছে রেলের।