প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের অন্ধকারে একের পর এক গুলির লড়াই উত্তরপ্রদেশে (Encounter In Uttar Pradesh)! অবশেষে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মৃত্যু হল দুষ্কৃতী আমজাদের। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের এক জঙ্গল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। হরসাউলি গ্রামের বাসিন্দা এই অভিযুক্তের বিরুদ্ধে খুন, ডাকাতি থেকে শুরু করে একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। এমনকি তাঁর মাথার দামস্বরূপ ৫০ হাজার টাকা ঘোষণা করেছিল পুলিশ প্রশাসন।
আমজাদের বিরুদ্ধে প্রায় ৪০টি ফৌজদারি মামলা
জেলা পুলিশের শীর্ষকর্তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই আমজাদ পলাতক ছিল। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ত্রাস ছিলেন তিনি। আমজাদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, অপহরণ-সহ বহু মামলা রয়েছে। জানা গিয়েছে দিল্লি, রাজস্থান, বিহার এবং উত্তরাখণ্ড – এই পাঁচ রাজ্যে তাঁর বিরুদ্ধে প্রায় ৪০টি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। তাঁকে গ্রেফতারের জন্য সাহারানপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন। এরই মাঝে গতকাল অর্থাৎ বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে যে, মুজফ্ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে দেখা গিয়েছে আমজাদকে। তার পরই অভিযানে নামে পুলিশের বিশেষ দল। শুরু হয় সংঘাত।
উদ্ধার আমজাদের মৃতদেহ
রিপোর্ট মোতাবেক, পুলিশ গোপন সূত্রে খবর পাওয়ার পরে আমজাদকে ধরতে পুরো জঙ্গল ঘিরে ফেলেছিল। ওই দুষ্কৃতীকে প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে কার্বাইন দিয়ে গুলি চালাতে থাকেন আমজাদ। সংঘর্ষে আহত হয়েছেন এক সাব-ইনস্পেক্টর এবং এক জন কনস্টেবল। এরপর পাল্টা গুলি চালায় পুলিশও। কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের পরই আমজাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বুধনা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক। জানা গিয়েছে আমজাদের কাছ থেকে একটি ৯এমএম কার্বাইন, পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: ভোটের কাউন্টডাউন শুরু, শুক্রবার CEO-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ কুমারের
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় অপরাধের জাল ছড়িয়েছিল মোস্ট ওয়ান্টেড আমজাদ। খুন, সশস্ত্র ডাকাতি, বেআইনি অস্ত্র রাখা এবং মাদক সংক্রান্ত নানা অপরাধে অনেকদিন ধরেই পুলিশের নজরে ছিল আমজাদ, অবশেষে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল আমজাদের। ইতিমধ্যেই এই ঘটনার পর আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। এনকাউন্টার সংক্রান্ত দফতরীয় তদন্ত এবং অন্যান্য প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।