প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে শেষের পথে মাঘ মাস। আর এদিকে প্রকৃতিও মেজাজ বদলাতে শুরু করেছে। যদিও এইমুহুর্তে ভোরের হালকা কুয়াশা আর হিমেল হাওয়ায় চারিদিকে শীতের আমেজ (Weather Tomorrow) বজায় থাকলেও, খুব বেশি দিন স্থায়ী নয় এই মনোরম পরিবেশ। কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার শীতের ইনিংস এবার শেষের পথে। আগামীকাল থেকেই রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে।
হাওয়া অফিসের মতে, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হতে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে উষ্ণতার মাত্রা উত্তরবঙ্গের তুলনায় নাকি দ্রুত বাড়তে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে। তবে ভয়ের বিষয় হল মার্চেই নাকি তাপমাত্রা ৪০ এর দোরগোড়া ছোঁবে। তাই সেই নিয়ে সকলের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সমগ্র এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে হালকা শীতল আমেজ বজায় থাকলেও দুপুরের দিকে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের ঠান্ডা কমবে এবং দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়বে। কোথাও কোথাও সকালে হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে এইমুহুর্তে ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
আরও পড়ুন: প্রতিবাদ করতেই চড়াও! গভীর রাতে ফের পাটুলিতে তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ৪
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
এবার শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও শীতের কামড় আলগা হতে শুরু করেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে এইমুহুর্তে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামীকাল, উত্তরবঙ্গেও পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।