এই ডকুমেন্ট না থাকলে মিলবে না যুবসাথীর ১৫০০ টাকা! জানুন আবেদন প্রক্রিয়া

Yuva Sathi Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সংবাদ। কর্মহীনদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে মানবিক স্কিম ‘যুবসাথী’ (Yuva Sathi Scheme)। আগামী এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানের খোঁজে থাকা যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা দক্ষতা বৃদ্ধি করতে পারে আর চাকরির প্রস্তুতি সারতে পারে। কিন্তু এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট লাগবে? বিশদে জানুন এই প্রতিবেদনে।

যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা

জানিয়ে রাখি, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আর একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে। কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সেই প্রার্থী কর্মসংস্থানের সুযোগ না পায়, তাহলে পুনরায় আবেদনের মাধ্যমে স্কিম রিনিউ করা যাবে। তবে হ্যাঁ, এই সময়সীমার মধ্যে যদি প্রার্থী কোনও সরকারি বা বেসরকারি খাতে চাকরি পায় বা কাজ পেয়ে যায়, তাহলে তাঁকে অবিলম্বে জানাতে হবে এবং মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবে?

যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে। প্রথমত, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তৃতীয়ত, যদি কোনও প্রার্থী ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও রকম সামাজিক সুরক্ষা প্রকল্প বা আর্থিক সহায়তা পায়, তাহলে সে এই প্রকল্পের ভাতা পাবে না। তবে হ্যাঁ, যারা বিভিন্ন সরকারি স্কলারশিপ পায় তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে।

আবেদন প্রক্রিয়া

প্রথমে ভাবা হয়েছিল এই প্রকল্পে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ চলবে। এমনকি নিজের নিজের বিধানসভায় নির্দিষ্ট ক্যাম্প বসবে। সেখানে গিয়ে প্রার্থীরা সরাসরি নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবে। এছাড়া প্রার্থীরা www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইট থেকে এই প্রকল্পের আবেদন ফর্ম ডাউনলোড করে নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করেই ওই ক্যাম্পে জমা দিতে পারবে।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনে লড়েছেন ৮০ জন সংখ্যালঘু, কে কোথায় আসন পেল?

কী কী ডকুমেন্ট প্রয়োজন?

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য এখনও পর্যন্ত চূড়ান্ত ডকুমেন্টের তালিকা প্রকাশ করা হয়নি। তবে বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই এই ডকুমেন্টগুলো দরকার হবে—

  • আবেদনকারীর পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট।
  • আইএফএসসি কোডসহ ব্যাঙ্কের পাসবুকের জেরক্স।
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর।

Leave a Comment