সহেলি মিত্র, কলকাতাঃ চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) নিয়ে জট যেন কাটতেই চাইছে না। মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত হলেও অরেঞ্জ লাইনের এই অংশ নিয়ে জট খুলছেই না যেন। কবে থেকে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ? মার্চ থেকে হবে? এই বিষয়ে মোটেও আশাবাদী নন মেট্রো কর্মীরা। মার্চ মাসের শুরুতেই মেট্রো সংক্রান্ত একাধিক পরীক্ষার কথা রয়েছে। কিন্তু আদৌ নতুন মাসে সেই কাজ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ফের চিংড়িঘাটা মেট্রো নিয়ে সংশয়
এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানাচ্ছেন, ফেব্রুয়ারি মাস তো আছেই, মার্চ মাসেও কাজ শুরু করা যাবে কিনা সন্দেহ। আসলে পুলিশের তরফে এই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই। এদিকে মার্চ মাসেই একাধিক পরীক্ষার কাজ রয়েছে। সেখানে পুলিশের অনুমতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি এখনও অবধি। অর্থাৎ এখনও বিশ বাঁও জলে ৩৬৬ মিটার অংশের কাজ।
কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?
বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যে চিংড়িঘাটা মোড়ে মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রো পথ নির্মাণের জন্য ই এম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মার্চ মাসেই রাস্তা বন্ধ রেখে এই কাজ করা জরুরি ছিল। যদিও মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশের অনুমতি না পাওয়ার কারণেই এই কাজ থমকে রয়েছে। উল্লেখ্য, বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে৷ কিন্তু সামান্য ওই অংশে কাজ শেষ না হওয়ার কারণে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চিংড়িঘাটা পেরিয়ে সেক্টর ফাইভের দিকে চালু করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ আমেরিকার মিসাইলকে বলে বলে গোল দেবে ভারতের বেবি ব্রহ্মোস, জানুন বিশেষত্ব
এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, এমনকি রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে নানা আলোচনাও হয়েছে। হাইকোর্টের নির্দেশে একাধিক বার মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য প্রশাসন এবং পুলিশের প্রতিনিধিরা৷ মেট্রো রেলের অভিযোগ, তার পরেও কাজ শুরুর অনুমতি মেলেনি। ফলে এখন আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।