প্রীতি পোদ্দার, কলকাতা: ফের পড়ুয়া র্যাগিংয়ের অভিযোগ (Ragging Controversy) নিয়ে খবরের শিরোনামে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে আর্টস বা কলা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। বিভাগ থেকে বের করে দেওয়ার্টেবং গণপিটুনি দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে। ঘটনাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে ডিন অফ স্টুডেন্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র। ইতিমধ্যেই অ্যান্টি র্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে।
কলা বিভাগে ফের র্যাগিং
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ১৮ ফেব্রুয়ারি ডিন অফ স্টুডেন্ট কর্তৃপক্ষকে দ্বিতীয় বর্ষের ছাত্র হেনস্তার অভিযোগ করেছেন। ছাত্রের দাবি, চলতি মাসের ১৩ তারিখ সন্ধে ৭টা নাগাদ সে কয়েকজন বন্ধুর সঙ্গে ডিন অফ আর্টসের ঘরের পাশে একটি ঘরে তাস খেলছিলেন, আর সেই সময় তাঁরই কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া ঘটে ঢুকে তাঁদের ব্যক্তিগত আক্রমণ করে হেনস্থা করতে শুরু করেন। এমনকি অপমান করে হাততালি দিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। এখানেই শেষ নয় নিগৃহীত ছাত্রের দাবি তাঁদের বিভাগ থেকে বের করে দেওয়া এবং মারধরের হুমকিও দিয়েছিল সিনিয়ররা। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
তদন্তে নামল অ্যান্টি-র্যাগিং স্কোয়াড
নিগৃহীত দ্বিতীয় বর্ষের ছাত্রের অভিযোগ, এর আগেও সিনিয়ররা নানা ভাবে উত্যক্ত করেছে। উঠে এসেছে বাংলা বিভাগের এক প্রাক্তনীর নাম। ওই প্রাক্তনী নাকি এসএফআইয়ের সভায় পড়ুয়াদের নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অমান্য করা হলে তাঁদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে বলে হুমকি দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত অভিযোগকারী ছাত্রের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে অ্যান্টি-র্যাগিং স্কোয়াডকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্ট অনুপম দেবসরকার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি অ্যান্টি র্যাগিং স্কোয়াডে পাঠানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট অ্যান্টি র্যাগিং কমিটির কাছে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: ৮ বছরেও বাড়েনি বেতন, রাজ্য সরকারকে চাপে ফেলতে বড় কিছু করতে চলেছেন শিক্ষকরা!
প্রসঙ্গত, র্যাগিং কালচারের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে নাম উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার। অভিযোগ, হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। সেই ঘটনার পর বিস্তর জলঘোলা হয়। তবুও বিতর্ক শেষ হয়নি। গত বছরও এক ছাত্রের মৃত্যু হয়। যার ফলে বারংবার প্রশ্নের মুখে পড়ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং অন্দরের পরিবেশ।