দোলে গরমের ইঙ্গিত, চড়বে ২-৩ ডিগ্রি পারদ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে ফেব্রুয়ারির শেষপ্রান্তে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলস্বরূপ সপ্তাহের শুরুতে কয়েক ঘণ্টার হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছিল তবে সেটি বেশিদিন স্থায়ী ছিল না, ঘূর্ণাবর্তে মেঘ কাটতেই পুনরায় ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে ফের নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে মার্চের শুরুতেই বদলাবে আবহাওয়া (Weather Tomorrow)। একধাক্কায় বাড়বে তাপমাত্রা, ফলে বসন্ত উৎসব-দোলপূর্ণিমা কাটবে গরমের মধ্যেই।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এইমুহুর্তে মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, তা দ্রুত শক্তি হারাচ্ছে এবং শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিম অসমের সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরল উপকূলের কাছে সক্রিয় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। যদিও এর প্রভাব বাংলার আবহাওয়ায় খুব একটা থাকবে না। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে আগামী রবি থেকেই বাড়বে তাপমাত্রা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব না থাকায় একজন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনকি দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। সকালে হালকা শীতের আমেজ বজায় থাকার পাশাপাশি দুপুরের দিকে গরম অনুভূত হবে। তবে আগামী রবিবার অর্থাৎ মার্চের শুরু থেকেই ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মহিলাকে মারধর থেকে শ্লীলতাহানি, তোলা না মেলায় ভয়ঙ্কর কাণ্ড তৃণমূলের কর্মীদের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল শুষ্ক এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। এছাড়াও উত্তরবঙ্গে আগামী দুই-তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। তবে মার্চের ১ অথবা ২ তারিখ থেকেই সেখানেও তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পার্বত্য এলাকার উঁচু অংশে হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে পাহাড়ে শীতের ছোঁয়া সামান্য বজায় থাকলেও সমতলে বাড়বে গরম।

Leave a Comment