সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া DA ইস্যুতে ফের একবার উত্তাল হয়ে উঠেছে বাংলা। ২০২৫-এর পর ২০২৬ সালে নতুন করে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিএ (Dearness allowance) প্রদানের বিষয়ে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সেই রায়দানের অনেকদিন কেটে গেলেও সরকারের তরফে কোনওরকম হেলদোল না থাকায় নতুন করে বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে গতকাল বৃহস্পতিবার কালীঘাট চলো অভিযান করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশের বাধার মুখেও পড়তে হয়েছিল। তবে বিচলিত না হয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)।
১৩ মার্চ ডিএ নিয়ে আন্দোলনের ডাক সরকারি কর্মীদের
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি সরকার । এই অভিযোগেই বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। তবে পুলিশের কঠোর ব্যারিকেড এবং অনুমতি না থাকার কারণে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেননি আন্দোলনকারীরা। যদিও এই ঘটনা এক চুলও নিজেদের অবস্থান থেকে সরাতে পারেনি আন্দোলনকারীদের। আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দিল সংগঠন।
এদিকে আন্দোলন মাঝ পথে বানচাল হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ এদিন সরকারের বিরুদ্ধে নতুন করে তীব্র ক্ষোভ উগরে দেন। ভাস্কর ঘোষের অভিযোগ, ‘সারা ভারতবর্ষ সুপ্রিম কোর্টের আইন মেনে চলে, কিন্তু এই রাজ্যে আইন চলে কেবল একজনের নির্দেশে। এই রাজ্যে একটাই কোর্ট, সেই কোর্ট হল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে প্রশাসন।’
আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে বাতিল ৬৫টি লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
মার্চ মাসের আন্দোলন নিয়ে বড় কথা বলেন ভাস্কর ঘোষ। তিনি জানান, ‘সেমিফাইনাল শেষ, এবার ফাইনাল খেলা হবে ১৩ মার্চ।’ ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর ও আদালত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অন্যদিকে আগামী ২ মার্চ, ২০২৬-এ নতুন এক মিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা। আগামী ২ মার্চের মিছিল প্রসঙ্গে তথ্য দিয়েছেন মলয়বাবুর ফেসবুক পোস্ট অনুযায়ী, জয়েন্ট মুভমেন্ট ফোরামের ডাকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন, শূন্যপদ পূরণ, অস্থায়ী কর্মচারী-শিক্ষকদের স্থায়ীকরণের দাবিতে ২ মার্চ, সোমবার মিছিল হবে।
আরও পড়ুনঃ পেনশন প্রকল্প নিয়ে সুখবর শোনাল নবান্ন
কোথা থেকে শুরু হবে মিছিল?
জানা গিয়েছে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমনি রোড অবধি দুপুর ১টা থেকে এই মিছিল শুরু হবে। সকল কর্মীকে এই মিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে। যদিও এরকম একাধিকবার আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একজন পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এই জন্যই সরকার ডি এ দেয় না। রাজনীতি শেষ করল কর্মচারীদের। সংগঠনের নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একত্র হন না। যার সুযোগ শাসক নেন।’