সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এবার বিরাট সাফল্য। জাপানের পর এবার ইজরায়েলের মাটিতে খেল দেখাবে ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI in Israel)। ভারত এবং ইজরায়েলের মধ্যে সীমান্ত পেরিয়ে ডিজিটাল লেনদেন সহজ করার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল সরকার। এর ফলে ব্যবসা-বাণিজ্যে যেমন গতি আসবে, তেমন লেনদেনের খরচও অনেকটাই কমবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরাইল সফরে গিয়ে দ্বিতীয় দিন এই ঘোষণা করেছেন। ভারতীয় ইউপিআই এবার ইজরায়েলের ঘরোয়া পেমেন্ট কাঠামোর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
লেনদেনে বিরাট বদল আনবে ইউপিআই
বলে রাখি, ইজরায়েলে ইউপিআই চালুর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়ীরা সরাসরি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে পারবে। আর এতে দ্রুত টাকা পাঠানো সম্ভব হবে আর লেনদেনের খরচ অনেকটাই কমবে। পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবে। বিশেষজ্ঞদের মতে, পর্যটন থেকে শুরু করে প্রযুক্তি, পরিষেবা এবং ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রে এই উদ্যোগ বিরাট প্রভাব ফেলতে পারে।
এদিকে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, ভারত এবং ইজরায়েল ক্রিটিকাল এন্ড ইমার্জিং টেকনোলজি পার্টনারশিপ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে কোয়ান্টাম প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ক্ষেত্রেও এবার বাড়বে সহযোগিতা। তিনি বলেছেন, ইজরায়েলের জন্য সমঝোতা হওয়ায় আমি খুবই আনন্দিত। পাশাপাশি অসামরিক পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা এবং আধুনিক কৃষি উন্নয়নেও যৌথ উদ্যোগের কথা স্মরণ করেছেন তিনি।
আরও পড়ুন: ‘এবার ফাইনাল খেলা হবে’ বকেয়া DA আদায়ে বিরাট কর্মসূচির ডাক, চাপে রাজ্য সরকার
মোদী এবং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর দুই দেশ তাদের দীর্ঘদিনের সম্পর্ককে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবেই তুলে ধরে। বিস্তৃত আলোচনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, উৎপাদন, সংস্কৃতি, সামুদ্রিক ঐতিহ্য, কৃষি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে মোট ১৭টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর তার মধ্যে ইউপিআই অন্যতম গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে শান্তি আর স্থিতিশীলতা প্রসঙ্গেও ভারত তার অবস্থান জানিয়েছে। এমনকি গাজা পরিস্থিতি নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষেও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।