প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমত হুলুস্থুল শুরু হয়েছে রাজ্য জুড়ে। দফায় দফায় বিভিন্ন জেলায় প্রচার কাজে নেমেছে রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এল শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের CEO দফতরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ এবং জুতো দেখানোর ঘটনাকে কেন্দ্র করে সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এবং শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হল প্রশাসনকে।
CEO দফতরের কাছে শুভেন্দুকে হেনস্তা
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) একটি সংগঠন। বিকেলে সেখানে শুভেন্দু গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওঠে ‘চোর-চোর’ স্লোগান। ওই ভিড় থেকেই কয়েক জন বিরোধী দলনেতাকে জুতো দেখান বলেও অভিযোগ। এমনকি বিক্ষোভ চলাকালীন পুলিশি নিষ্ক্রিয়তার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শেষে এই হেনস্তার অভিযোগ তুলে গত বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আজ সেই মামলা হাইকোর্টে উঠতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি।
গোটা ঘটনার রিপোর্ট চাইল হাইকোর্ট
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শুক্রবার, শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানি ছিল। সেখানে শুভেন্দুর আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, সিইও দফতরের গেটের মুখ বন্ধ করে কী করে বিক্ষোভ দেখানোয় অনুমতি দেয় কমিশন, তা নিয়ে সংশয় রয়েছে। শুভেন্দুর আইনজীবী দাবি জানান, ওই ভবনের ২০০ মিটারের মধ্যে যাতে কোনওরকম বিক্ষোভ, সভা না হয়, সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত। এরপর সেই ঘটনা নিয়েই রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
আরও পড়ুন: বাংলার ব্লকে ব্লকে হবে মডেল স্কুল, খরচ প্রায় ২৩৫০ কোটি! বড় ঘোষণা ব্রাত্য বসুর
শুভেন্দুর নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশ
দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের তরফে জানানো হয়েছে সিইও দফতরের সামনের ঘটনা নিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। কেন সে দিন বিরোধী দলনেতার উপস্থিতিতে সিইও দফতরের সামনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল, তা-ও জানতে চাওয়া হয়েছে রাজ্যের কাছে। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। এর আগেও বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট পুলিশকে জানিয়েছিল, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই এদিন হাইকোর্ট আরও একবার নির্দেশ দিল, বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত নিয়ে।