প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা ফেব্রুয়ারি জুড়ে বিচিত্র আবহাওয়ার সাক্ষী থাকল রাজ্যবাসী। কখনও সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে তো কখনও আবার দিনে বাড়ছে গরমের অস্বস্তি। শুধু তাই নয় ঘূর্ণাবর্তের জেরে মরশুমের প্রথম বৃষ্টিও হয়ে গেল রাজ্য জুড়ে। আর তাতেই পারদ নেমেছে খানিকটা। সকাল-সন্ধ্যায় ফিরছে হালকা শীতের ছোঁয়া (Weather Tomorrow)। এর মধ্যেই আবার উত্তরবঙ্গে বৃষ্টির ইঙ্গিত দিল হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে তবে কি ফেব্রুয়ারির শেষ লগ্নে ঘুরে ফিরে আসতে চলেছে শীত?
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও আগামী ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে আবহাওয়ার এই ওঠানামা কিছুটা সময় চলবে। যদিও এর প্রভাব উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পড়বে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ রাজ্য জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সকাল ও সন্ধ্যায় স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্র, তাই খানিক অনুভূত হবে শীতের আমেজ। তবে লেপ-কম্বলের দরকার আর পড়বে না। কারণ বেলা বাড়লে শীতের আমেজ উধাও হবে। এছাড়াও ১ মার্চ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। একধাক্কায় পারদ ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত স্পষ্ট।
আরও পড়ুন: CEO দফতরের সামনে শুভেন্দুকে হেনস্তা নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট, এল বড় নির্দেশ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী রবিবার পর্যন্ত। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সিকিমে হালকা তুষারপাত হবে। তবে বৃষ্টির দাপট কমলে পরবর্তী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।